বিশ্ব মান দিবস আজ বুধবার। সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জ্বালানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে বাংলাদেশসহ বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিবসটি। পণ্য ও সেবার মান সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর ১৪ অক্টোবর বিশ্ব মান দিবস পালন করা হয়।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘শেয়ার্ড ভিশন ফর আ বেটার ওয়ার্ল্ড অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি’। বাংলায় এর অর্থ ‘অভিন্ন লক্ষ্য, উন্নত বিশ্ব, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’।

বিশ্বের তিনটি প্রধান মান সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন (আইএসও), ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন (আইইসি) এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) যৌথভাবে দিবসটি পালন করে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করা হচ্ছে।

এবারের প্রতিপাদ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সাত নম্বর লক্ষ্য সবার জন্য সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এ লক্ষ্য অর্জনে শুধু জ্বালানি উৎপাদন বাড়ালেই হবে না, উৎপাদিত জ্বালানির প্রতিটি ইউনিটের কার্যকর ব্যবহারও নিশ্চিত করতে হবে।

জ্বালানির অপচয় কমানো, নির্ভরযোগ্য প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব কমাতে আন্তর্জাতিক মান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার, শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

বাংলাদেশে সৌরবিদ্যুৎ ব্যবস্থার মান নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সংস্থাটি সোলার প্যানেল, ইনভার্টার, চার্জ কন্ট্রোলার ও ব্যাটারির স্থায়িত্ব এবং কার্যকারিতা নিশ্চিত করতে ৭৯টি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস বা মান প্রণয়ন করেছে। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব মান নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।

বিএসটিআইয়ের তথ্য অনুযায়ী, সংস্থাটি এ পর্যন্ত মোট ৪ হাজার ৬৩১টি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস প্রণয়ন করেছে। এসব মানের লক্ষ্য হলো পণ্য ও সেবার গুণগত মান নিশ্চিত করা এবং ভোক্তাদের জন্য নির্ভরযোগ্য পণ্য ব্যবহারের সুযোগ তৈরি করা।

সোলার প্যানেলের গুণগত মান যাচাইয়ের জন্য বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে রয়েছে বিশেষায়িত পরীক্ষাগার। সেখানে জার্মান প্রযুক্তির অত্যাধুনিক সান সিমুলেটর ব্যবহার করে সর্বোচ্চ ১ হাজার ওয়াট ক্ষমতার সোলার প্যানেল পরীক্ষা করা যায়।

আন্তর্জাতিক নির্দেশনা অনুসরণ করে উন্নত আলোক উৎস ও ক্যালিব্রেটেড যন্ত্রপাতির মাধ্যমে এ পরীক্ষাগারে সোলার প্যানেলের কার্যক্ষমতা ও গুণগত মান যাচাই করা হয়। এর ফলে সৌরবিদ্যুৎ প্রযুক্তির নির্ভরযোগ্যতা নিশ্চিত করার ক্ষেত্রে সহায়তা পাওয়া যায়।

বিশ্ব মান দিবস উপলক্ষে বিএসটিআই বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। প্রধান কার্যালয়ের পাশাপাশি বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয়ে আলোচনা সভা এবং প্রচার কার্যক্রম আয়োজন করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে বিশেষ সাক্ষাৎকারভিত্তিক আলোচনা অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাধ্যমে মোবাইল ফোনে খুদে বার্তা পাঠানো এবং রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকার অফিসার্স ক্লাবে বিএসটিআইয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়ালের। সভায় মুখ্য আলোচক হিসেবে থাকবেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। এতে সভাপতিত্ব করার কথা বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হকের।

বিশ্ব মান দিবসের মূল বার্তা হলো, উন্নত ও টেকসই ভবিষ্যৎ গড়তে পণ্য ও সেবার মান নিশ্চিত করার পাশাপাশি জ্বালানির সঠিক ব্যবহারও জরুরি। সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির প্রসার এবং আন্তর্জাতিক মান অনুসরণের মাধ্যমে বাংলাদেশ এ ক্ষেত্রে আরও এগিয়ে যেতে পারে।