অগ্ন্যাশয় ক্যানসারের নতুন ওষুধ ডারাক্সোনরাসিব উন্নত পর্যায়ের রোগীদের বেঁচে থাকার সময় প্রায় দ্বিগুণ বাড়িয়ে দিতে পারে বলে জানিয়েছেন গবেষকরা। যুক্তরাষ্ট্রের শিকাগোতে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ ক্যানসারবিষয়ক সম্মেলনে প্রকাশিত গবেষণার ফলাফলে এমন তথ্য উঠে এসেছে।
বিশেষজ্ঞদের মতে, কয়েক দশকের মধ্যে অগ্ন্যাশয় ক্যানসারের চিকিৎসায় এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতিগুলোর একটি। বর্তমানে এই ক্যানসারের কার্যকর চিকিৎসা সীমিত হওয়ায় রোগীদের বেঁচে থাকার হার তুলনামূলক কম। অধিকাংশ ক্ষেত্রেই রোগটি দেরিতে শনাক্ত হয় এবং তখন ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে।
গবেষণায় প্রায় ৫০০ রোগীর ওপর ডারাক্সোনরাসিব ওষুধের কার্যকারিতা পরীক্ষা করা হয়। অংশগ্রহণকারীরা সবাই এমন ধরনের অগ্ন্যাশয় ক্যানসারে আক্রান্ত ছিলেন, যা শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছিল। ফলাফলে দেখা যায়, যারা নতুন ওষুধটি গ্রহণ করেছেন তারা গড়ে ১৩ মাসের বেশি সময় বেঁচে ছিলেন। অন্যদিকে প্রচলিত কেমোথেরাপি গ্রহণকারী রোগীদের গড় বেঁচে থাকার সময় ছিল প্রায় ৬ মাস।
গবেষকদের ভাষ্য অনুযায়ী, ডারাক্সোনরাসিব ক্রাস (KRAS) নামের একটি গুরুত্বপূর্ণ প্রোটিনকে নিষ্ক্রিয় করে কাজ করে। এই প্রোটিন অগ্ন্যাশয় ক্যানসারের বৃদ্ধি ও বিস্তারে বড় ভূমিকা রাখে। ক্রাস জিনে মিউটেশন হলে ক্যানসার কোষ দ্রুত বৃদ্ধি পায় এবং শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

সবচেয়ে সাধারণ ধরনের অগ্ন্যাশয় ক্যানসার ‘প্যানক্রিয়াটিক ডাক্টাল অ্যাডিনোকারসিনোমা’-তে আক্রান্ত ৯০ শতাংশেরও বেশি রোগীর শরীরে ক্রাস জিনের মিউটেশন পাওয়া যায়। নতুন ওষুধটির বিশেষত্ব হলো, এটি বিভিন্ন ধরনের ক্রাস মিউটেশনের ক্ষেত্রেই কার্যকর হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, ডারাক্সোনরাসিব শুধু অগ্ন্যাশয় ক্যানসার নয়, ভবিষ্যতে ফুসফুস ও কোলন ক্যানসারের চিকিৎসাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমানে এসব ক্যানসারের ক্ষেত্রেও একই ধরনের ওষুধ নিয়ে গবেষণা চলছে।
যুক্তরাজ্যভিত্তিক ক্যানসার বিশেষজ্ঞরা এই আবিষ্কারকে রোগী ও তাদের পরিবারের জন্য বড় আশার খবর হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, নতুন ওষুধটি রোগীদের আরও বেশি সময় প্রিয়জনদের সঙ্গে কাটানোর সুযোগ করে দিতে পারে।
তবে গবেষকরা মনে করেন, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কার্যকর প্রমাণিত এই ওষুধকে দ্রুত রোগীদের নাগালের মধ্যে নিয়ে আসা। যদি ভবিষ্যতের গবেষণাগুলোও ইতিবাচক ফল দেয়, তাহলে অগ্ন্যাশয় ক্যানসারের চিকিৎসায় ডারাক্সোনরাসিব একটি যুগান্তকারী পরিবর্তন আনতে পারে।























