বিশ্বজুড়ে চাকরি–সংস্কৃতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। একসময় বেশি বেতন, দ্রুত পদোন্নতি ও ঘন ঘন চাকরি পরিবর্তনকে ক্যারিয়ারের সাফল্যের মানদণ্ড হিসেবে দেখা হলেও এখন সেই ধারণা বদলেছে। ২০২৬ সালের বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তারের কারণে কর্মীদের বড় অংশ এখন নতুন চাকরির চেয়ে বর্তমান কর্মস্থলের স্থায়িত্ব ও নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিচ্ছেন।
বিশেষজ্ঞরা বলছেন, কর্মীদের ধরে রাখতে শুধু ভালো বেতন বা পদোন্নতির প্রতিশ্রুতি যথেষ্ট নয়। একটি প্রতিষ্ঠানের প্রতি কর্মীদের আস্থা তৈরি করা, দক্ষতা উন্নয়নের সুযোগ দেওয়া এবং মানবিক নেতৃত্ব নিশ্চিত করাই এখন সফল প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি। পরিবর্তিত চাকরি–সংস্কৃতি প্রতিষ্ঠান ও কর্মী—উভয়ের জন্য নতুন বাস্তবতা তৈরি করেছে।
ফোর্বসে প্রকাশিত এক সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, মনস্টার ডটকমের জরিপ অনুযায়ী প্রায় ৫৭ শতাংশ কর্মী ২০২৬ সালে বর্তমান প্রতিষ্ঠানেই কাজ চালিয়ে যেতে চান। একইভাবে ডেলয়েটের বৈশ্বিক সমীক্ষায় উঠে এসেছে, তরুণ পেশাজীবীরা এখন স্বল্পমেয়াদি সুবিধার চেয়ে দীর্ঘমেয়াদি চাকরির নিরাপত্তাকে বেশি মূল্য দিচ্ছেন।
অন্যদিকে কর্মক্ষেত্রে এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। জীবনবৃত্তান্ত (সিভি) তৈরি, চাকরির আবেদন কিংবা সাক্ষাৎকারের প্রস্তুতিতে অনেক চাকরিপ্রার্থী কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিচ্ছেন। তবে বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি কাজকে সহজ করলেও কর্মক্ষেত্রে শেষ পর্যন্ত মূল্যায়ন হয় মানুষের সৃজনশীলতা, বিশ্লেষণী চিন্তা, সমস্যা সমাধানের দক্ষতা এবং সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার ভিত্তিতে।
বাংলাদেশের চাকরির বাজারেও এই পরিবর্তনের প্রভাব স্পষ্ট হচ্ছে। অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে কর্মীদের মধ্যে চাকরি হারানোর ভয় কাজের মান কমিয়ে দিতে পারে। কর্মীরা যদি মনে করেন প্রতিষ্ঠান তাদের পাশে রয়েছে, তাহলে তারা নতুন ধারণা দিতে, দায়িত্ব নিতে এবং দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানের উন্নয়নে আরও বেশি অবদান রাখতে আগ্রহী হন।
নেতৃত্ব বিশেষজ্ঞরা মনে করেন, আধুনিক চাকরি–সংস্কৃতি গড়ে তুলতে কর্মীদের জন্য শেখার সুযোগ, মানসিক সুস্থতা, খোলামেলা মতামত প্রকাশের পরিবেশ এবং দক্ষতা উন্নয়নের ধারাবাহিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কারণ একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ শুধু প্রযুক্তি নয়, দক্ষ ও অনুপ্রাণিত জনবল।
একই সঙ্গে কর্মীদেরও নিজেদের দক্ষতা নিয়মিত উন্নত করতে হবে। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নতুন দক্ষতা অর্জন, দায়িত্বশীলতা এবং কর্মক্ষেত্রে ইতিবাচক মনোভাব ভবিষ্যতের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কেবল প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করে নিজস্ব সক্ষমতা বাড়ানোই বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রস্তুতি।
বিশেষজ্ঞদের মতে, নিয়োগপ্রক্রিয়াতেও পরিবর্তন আনা জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক রিদওয়ানুল হক বলেন, সাইকোমেট্রিক পরীক্ষার মাধ্যমে একজন প্রার্থীর একাডেমিক যোগ্যতার পাশাপাশি ব্যক্তিত্ব, মানসিক সক্ষমতা এবং প্রতিষ্ঠানের সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা মূল্যায়ন করা সম্ভব। এতে নিয়োগ আরও কার্যকর হতে পারে।
বর্তমান বাস্তবতায় শুধু বেতন বৃদ্ধি নয়, বরং স্বাস্থ্যসেবা, মানসিক সহায়তা, প্রশিক্ষণ, ক্যারিয়ার পরিকল্পনা এবং কর্ম-জীবনের ভারসাম্য নিশ্চিত করাও কর্মীদের ধরে রাখার গুরুত্বপূর্ণ উপায় হয়ে উঠেছে। তাই ভবিষ্যতের চাকরি–সংস্কৃতি হবে এমন, যেখানে কর্মী ও প্রতিষ্ঠান উভয়েই পারস্পরিক আস্থা, দক্ষতা এবং দায়িত্বশীলতার ভিত্তিতে এগিয়ে যাবে।




























