বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অভিনন্দন বার্তায় বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর আগ্রহের কথা জানিয়েছেন তিনি।
মির্জা ফখরুলকে পাঠানো বার্তায় পেজেশকিয়ান বলেন, বাংলাদেশের সংসদ সদস্যদের আস্থা ও সমর্থন তাঁর রাজনৈতিক অঙ্গীকার, দূরদর্শিতা এবং গণতন্ত্রকে শক্তিশালী করার প্রচেষ্টার প্রতি আস্থার প্রতিফলন। তাঁর নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা, কল্যাণ ও অগ্রগতির নতুন অধ্যায় শুরু হবে বলেও আশা প্রকাশ করেন ইরানের প্রেসিডেন্ট।
ইরানের প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, তেহরান বাংলাদেশের সঙ্গে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে আগ্রহী। একই সঙ্গে দুই দেশের মধ্যে শুধু দ্বিপক্ষীয় পর্যায়েই নয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রেও সহযোগিতার পরিধি বাড়ানোর বিষয়ে ইরানের আগ্রহ রয়েছে।
পেজেশকিয়ান আরও আশাবাদ ব্যক্ত করেন, নতুন রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময়ে বাংলাদেশের জনগণের জন্য শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির পথ আরও সুদৃঢ় হবে। তাঁর নেতৃত্বে দেশের ভবিষ্যৎ নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছে, অভিনন্দন বার্তায় সেটিকেও ইতিবাচকভাবে তুলে ধরেন ইরানের প্রেসিডেন্ট।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার সংসদে অনুষ্ঠিত ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরে শুক্রবার বঙ্গভবনে শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি। তাঁর নির্বাচনের পর বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের পক্ষ থেকে অভিনন্দন বার্তা আসতে শুরু করে।
এরই ধারাবাহিকতায় ইরানের প্রেসিডেন্টের এই বার্তায় বাংলাদেশ-ইরান সম্পর্ক আরও বিস্তৃত করার প্রত্যাশা সামনে এসেছে। এর আগে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের আশা প্রকাশ করেন এবং তাঁকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।




























