রাষ্ট্রপতির শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহ্যবাহী দরবার হলে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এর আগে বিভিন্ন দেশের পতাকাবাহী গাড়িতে কূটনীতিকদের বঙ্গভবনে প্রবেশ করতে দেখা যায়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি পুরো রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
শপথ গ্রহণের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম নবনির্বাচিত রাষ্ট্রপতির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই আয়োজনে প্রায় ১২ শতাধিক বিশিষ্ট অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টা ১০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা ভোটে মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন ভোট দেন। গণনা শেষে সিইসি এএমএম নাসির উদ্দিন ফল ঘোষণা করেন।
ফলাফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। ছয়জন সংসদ সদস্য ভোট দেননি। নির্বাচনের পরদিনই বঙ্গভবনে আনুষ্ঠানিক রাষ্ট্রপতির শপথ গ্রহণের মাধ্যমে নতুন দায়িত্বে যাত্রা শুরু করলেন মির্জা ফখরুল।























