লাভ ৯৬ সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। অমর নায়ক সালমান শাহর জীবনী বা তাঁর মৃত্যুরহস্য নয়, বরং নব্বইয়ের দশকে তাঁকে ঘিরে তৈরি হওয়া ভক্তদের আবেগ, উন্মাদনা ও নস্টালজিয়াকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। আগামী ৪ সেপ্টেম্বর সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।
তরুণ নির্মাতা ইভান মল্লিক পরিচালিত সিনেমাটিতে উঠে আসবে সালমান শাহর এক অন্ধ ভক্তের গল্প। নির্মাতার ভাষ্য অনুযায়ী, প্রিয় নায়ককে ঘিরে সেই সময়ের তরুণদের আবেগ, পাগলামি এবং ভালোবাসার বিভিন্ন দিক গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
নব্বইয়ের দশকের স্মৃতিও সিনেমাটির অন্যতম আকর্ষণ। সাদাকালো টেলিভিশনে অনুষ্ঠান দেখা, চাঁদা তুলে ভিসিআর ভাড়া করে সিনেমা উপভোগ, ভিউকার্ড সংগ্রহ কিংবা ক্যাসেট প্লেয়ারে প্রিয় গান শোনা, সেই সময়ের পরিচিত এসব দৃশ্য দর্শকদের পুরোনো দিনে ফিরিয়ে নিতে পারে।
সালমান শাহর আকস্মিক মৃত্যুর পর তাঁর ভক্তদের মধ্যে যে গভীর শোক ও আবেগ তৈরি হয়েছিল, সেটিও গল্পের গুরুত্বপূর্ণ অংশ। তবে নির্মাতারা জানিয়েছেন, লাভ ৯৬ কোনো জীবনীভিত্তিক চলচ্চিত্র নয়। বরং একজন ভক্তের চোখ দিয়ে সেই সময়ের আবেগকে পর্দায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
রাইসা ফিল্মসের ব্যানারে মো. জসিম উদ্দিনের প্রযোজনায় নির্মিত সিনেমাটির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে আরিয়ান খান ও পূর্ণতার। এতে আরও অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডি জে সোহেল, রুবেল রানা ও সিমান্ত খন্দকার।
গত ১০ মে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে লাভ ৯৬। নির্মাতার দাবি, সিনেমাটির গল্প ও নব্বইয়ের দশকের আবহ বোর্ড সদস্যদের প্রশংসা পেয়েছে। রোমান্টিক ও অ্যাকশনধর্মী এই সিনেমায় দর্শক আবেগের পাশাপাশি টানটান উত্তেজনাও পাবেন বলে জানিয়েছেন পরিচালক। সালমান শাহর ভক্তদের জন্য তাই ৪ সেপ্টেম্বরের মুক্তি হতে পারে বিশেষ আকর্ষণের।




























