অংশুলা কাপুরের বিয়ে ঘিরে এখন বলিউডে উৎসবের আমেজ। প্রযোজক বনি কাপুরের মেয়ে এবং জনপ্রিয় রিয়েলিটি শো–পরিচিত মুখ অংশুলা কাপুর ৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। বিয়ের আগে আয়োজিত ঘরোয়া মেহেদি অনুষ্ঠানে পরিবার, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে জমে ওঠে আনন্দের আসর। তবে পুরো আয়োজনের সবচেয়ে আলোচিত মুহূর্ত হয়ে ওঠে হবু বর করণ ঠাক্কারের চমকপ্রদ পারফরম্যান্স।
শনিবার অনুষ্ঠিত মেহেদি অনুষ্ঠানে করণ ঠাক্কার ঢোলের তালে নেচে মঞ্চে প্রবেশ করেন। জনপ্রিয় বলিউড সিনেমা দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে–এর বিখ্যাত গান মেহেন্দি লাগা কে রাখনা পরিবেশন করে তিনি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করেন। হবু বরের এই সারপ্রাইজে স্পষ্টতই আবেগাপ্লুত হয়ে পড়েন অংশুলা। হাসিমুখে তাঁকে স্বাগত জানান তিনি, আর উপস্থিত অতিথিরাও করতালিতে মুহূর্তটি উপভোগ করেন।
অনুষ্ঠানের বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী সোনম কাপুর এবং সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব অরি (ওরহান আওয়াত্রামানি)। মুহূর্তেই সেগুলো ভাইরাল হয়ে যায়। আরও কয়েকটি ভিডিওতে দেখা যায়, দিল ধড়কনে দো সিনেমার গানে পরিবারের সদস্যদের সঙ্গে নাচছেন অংশুলা। হাসি, গান ও নাচে পুরো অনুষ্ঠান পরিণত হয় পারিবারিক আনন্দ-উৎসবে।
মেহেদি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহ্নবী কাপুর, খুশি কাপুর, অর্জুন কাপুর, সোনম কাপুরসহ কাপুর পরিবারের অনেক সদস্য। জাহ্নবী সাদা রঙের ইন্দো-ওয়েস্টার্ন পোশাকে নজর কাড়েন, আর খুশি কাপুরকে দেখা যায় ঐতিহ্যবাহী সাজে। অন্যদিকে অংশুলার সঙ্গে মিল রেখে সবুজ পোশাকে হাজির হন অর্জুন কাপুর। পরিবারের সদস্যদের এই সমন্বিত উপস্থিতি অনুষ্ঠানে বাড়তি সৌন্দর্য যোগ করে।
অংশুলা ও করণের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল গত ২১ জুন, মাতা কি চৌকি অনুষ্ঠানের মাধ্যমে। এরপর ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে দক্ষিণ কোরিয়ার সিউলে ব্যাচেলরেট পার্টিও উদ্যাপন করেন অংশুলা। জানা গেছে, ২০২২ সালে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে তাঁদের পরিচয় হয়। পরে ২০২৩ সালের মার্চে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন অংশুলা। গত বছরের অক্টোবরে দুই পরিবারের উপস্থিতিতে তাঁদের বাগদান সম্পন্ন হয়।
সব প্রস্তুতি শেষ করে ৬ জুলাই আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন অংশুলা কাপুর ও করণ ঠাক্কার। বিষয়টি আগেই নিশ্চিত করেছিলেন অংশুলার বাবা বনি কাপুর। কাপুর পরিবারের এই বিয়ে ঘিরে বলিউডজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই তারকা পরিবারের নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক মুহূর্ত দেখার জন্য।

























