মতিঝিল চাঁদাবাজি মামলায় রাজধানীর মতিঝিল এলাকা থেকে তানিম রেজা ওরফে বাপ্পি (৪৬) নামে এক ব্যক্তিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছে বিদেশি নম্বর ব্যবহার করে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি এবং গুলি চালানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে। অভিযানের সময় তাঁদের কাছ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিও উদ্ধার করা হয়েছে।
শনিবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি জানান, শুক্রবার সকালে হোটেল পূর্বাণী এলাকায় অভিযান চালিয়ে তানিমকে আটক করা হয়। পরে তাঁর আরও চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন মোহাম্মদ জুয়েল, শাকিল, মানিক কাজী ও রাকিবুল ইসলাম ভূঁইয়া ওরফে রিজন।
পুলিশ জানায়, তানিম দীর্ঘদিন ধরে মতিঝিল ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, পশুর হাটের ইজারা নিয়ন্ত্রণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তদন্তে জানা যায়, বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হতো। দাবি পূরণ না হলে গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগও রয়েছে।
তদন্তে উঠে এসেছে, গত ১৫ মে দক্ষিণ কমলাপুরের এক পশুর হাট ইজারাদারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে ১৯ মে একই ব্যক্তির অফিসে গুলি চালানোর ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করেই মতিঝিল থানায় মামলা দায়ের হয়। দীর্ঘ তদন্তের পর তানিম ও তাঁর সহযোগীদের অবস্থান শনাক্ত করে অভিযান চালায় পুলিশ।
পুলিশের আরেকটি অভিযানে দক্ষিণ কমলাপুরে তানিমের অফিস থেকে একটি বিদেশি রিভলভার, দুটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, একটি ইলেকট্রিক গান এবং একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় অস্ত্র আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এসব অস্ত্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, তানিমের বিরুদ্ধে চাঁদাবাজি, দস্যুতা, অপহরণ, হত্যাচেষ্টা, নারী ও শিশু নির্যাতন এবং মাদকসহ বিভিন্ন অভিযোগে অন্তত সাতটি মামলা রয়েছে। এছাড়া তাঁর সঙ্গে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের কোনো যোগাযোগ রয়েছে কি না, সেটিও তদন্তাধীন। পুলিশ জানিয়েছে, আদালতে রিমান্ড আবেদন করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো চক্রের কার্যক্রম ও জড়িত ব্যক্তিদের সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা হবে।



























