দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্নভাবে মানুষকে উসকে দেওয়ার চেষ্টা চলছে বলেও সতর্ক করেছেন তিনি। এ ধরনের পরিস্থিতিতে ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের সামগ্রিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পারস্পরিক সহনশীলতা ও সম্প্রীতির ওপর গুরুত্ব দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানা উপায়ে গুজব ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে মানুষের মধ্যে বিভ্রান্তি ও উসকানি তৈরির চেষ্টা করা হচ্ছে। তাই গুজবে কান না দিয়ে সবাইকে সচেতন থাকার পাশাপাশি দেশের ধর্মীয় সম্প্রীতি রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, বাংলাদেশ সবার দেশ। নাগরিক হিসেবে এ দেশে প্রত্যেকের অধিকার সমান। নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি অনুযায়ী জীবনযাপন করা প্রতিটি নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার। ধর্মীয় পরিচয়ের ভিন্নতা থাকলেও রাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা ও অধিকার পাওয়ার ক্ষেত্রে কোনো বৈষম্য থাকা উচিত নয়।
প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার ও বিএনপি বিশ্বাস করে—‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’। ধর্ম যার যার হলেও নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। তাই ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধা, সহিষ্ণুতা ও সহযোগিতার পরিবেশ ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এর আগে সকাল ১০টায় শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সম্মানী প্রদান করা হয়। প্রধানমন্ত্রী নিজ হাতে ৯ জন পুরোহিত ও সেবায়েতের হাতে ভাতা তুলে দেন। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে আরও ৬৪ জন পুরোহিত ও সেবায়েতকে ভাতা দেওয়ার কথা জানানো হয়।




























