বিশ্বখ্যাত সৌরবিদ্যুৎ ও এনার্জি সল্যুশন নির্মাতা গুডউই (GoodWe) বাংলাদেশে তাদের নতুন EO G2 (ইও জি২) অফ-গ্রিড ইনভার্টার এবং Lynx A G4 (লিংক্স এ জি৪) ব্যাটারি সমন্বিত আবাসিক এনার্জি সিস্টেম উন্মোচন করেছে। নতুন এই সমাধানটি বিশেষভাবে এমন পরিবার ও ক্ষুদ্র ব্যবসার জন্য তৈরি করা হয়েছে, যারা ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিকল্প বিদ্যুতের ওপর নির্ভরশীল।
গুডউই জানায়, ১৫ বছরের বেশি সময়ের ইনভার্টার প্রযুক্তির অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই সিস্টেম তৈরি করা হয়েছে। এটি বিদ্যুৎ চলে গেলেও দ্রুত ব্যাটারি ব্যাকআপে চলে যেতে পারে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সক্ষম।
বাংলাদেশে গুডউই-এর অনুমোদিত পরিবেশক এসিআই রিনিউয়েবল এনার্জি-এর সহযোগিতায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে নতুন এই প্রযুক্তি আনুষ্ঠানিকভাবে বাজারে আনা হয়। অনুষ্ঠানে সৌরবিদ্যুৎ খাতের উদ্যোক্তা, প্রকৌশলী, ইপিসি (Engineering, Procurement and Construction) অংশীদার এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বর্তমানে গুডউই বাংলাদেশের ৪৫টিরও বেশি জেলায় কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া প্রতিষ্ঠানটি ১০০টিরও বেশি EPC পার্টনার নিয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে এবং ৬০০টির বেশি পরিবারে ক্লিন এনার্জি সল্যুশন সরবরাহ করেছে।
বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ অফ-গ্রিড সৌরবিদ্যুৎ বাজার। দেশের প্রত্যন্ত অঞ্চলে লাখ লাখ সোলার হোম সিস্টেম স্থাপিত হলেও অনেক এলাকায় এখনও জাতীয় গ্রিডের বিদ্যুৎ সরবরাহ অনিয়মিত। ফলে নির্ভরযোগ্য ব্যাকআপ বিদ্যুতের চাহিদা ক্রমাগত বাড়ছে।
গুডউই-এর দাবি, EO G2 ইনভার্টার উন্নত ব্যাটারি ব্যবস্থাপনা, উচ্চ দক্ষতার পাওয়ার কনভার্সন, সহজ মনিটরিং এবং দীর্ঘস্থায়ী কর্মক্ষমতা নিশ্চিত করে। এটি ডিজেল জেনারেটরের ব্যবহার কমিয়ে জ্বালানি খরচ, শব্দদূষণ এবং কার্বন নিঃসরণ কমাতে সহায়তা করবে।
বিশেষজ্ঞদের মতে, নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক এ ধরনের প্রযুক্তি দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


























