বাংলাদেশের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি খাতে সেবা ব্যবস্থাকে আরও সহজ করতে সনি দেশে প্রথমবারের মতো অনুমোদিত ক্যামেরা সার্ভিস (ACS) সেন্টার চালু করেছে। একই সঙ্গে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে নতুন একটি ডেডিকেটেড সনি শোরুমও উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বসুন্ধরা সিটির লেভেল ১, ব্লক বি-এর ২০ ও ৩০ নম্বর দোকানে একই ছাদের নিচে শোরুম ও অনুমোদিত ক্যামেরা সার্ভিস সুবিধা চালু করা হয়। এর ফলে বাংলাদেশে সনি ক্যামেরা ও সংশ্লিষ্ট গিয়ার ব্যবহারকারী পেশাদার এবং সাধারণ গ্রাহকেরা স্থানীয়ভাবেই অনুমোদিত মেরামত ও সার্ভিসিং সুবিধা নিতে পারবেন।
অনুষ্ঠানে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (অপারেশনস) মেজর শেখ মুহাম্মদ মিজানুর রহমান (অব.) এবং সনি কর্পোরেশনের গ্লোবাল সেলস অ্যান্ড মার্কেটিং-এর ইমেজিং মার্কেটিং ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কোজি সেকিগুচি ফিতা কেটে নতুন শোরুম ও সার্ভিস সেন্টারের উদ্বোধন করেন।
এ সময় এফএসআই-এর জেনারেল ম্যানেজার চ্যাং জং এবং সনি রিজিওনাল মার্কেটিং (সিঙ্গাপুর)-এর মার্কেটিং প্রধান ইয়াপ ইয়ুংসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সনি কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশে পেশাদার ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফারের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ক্যামেরা ও গিয়ারের দ্রুত এবং নির্ভরযোগ্য সার্ভিসিংয়ের প্রয়োজনীয়তাও বাড়ছে। এই চাহিদা বিবেচনায় নিয়ে নতুন সার্ভিস সেন্টারটি চালু করা হয়েছে।
বিশেষ করে বিয়ে ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের পিক সিজনে ক্যামেরা বা গিয়ারে যান্ত্রিক সমস্যা দেখা দিলে ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফারদের কাজের সময়সূচি ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে। স্থানীয় অনুমোদিত সার্ভিস সুবিধা থাকায় এ ধরনের সমস্যায় দ্রুত সমাধান পাওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
নতুন এই কেন্দ্রের মাধ্যমে সনি ক্যামেরা ও গিয়ারের মেরামত এবং সার্ভিসিংয়ের ক্ষেত্রে স্থানীয় গ্রাহকদের জন্য একটি অনুমোদিত সেবা কাঠামো তৈরি হলো। এর ফলে ক্যামেরা ব্যবহারকারীদের দেশের বাইরে বা অননুমোদিত জায়গায় সার্ভিস নেওয়ার প্রয়োজন কমতে পারে।
সনি জানিয়েছে, আগামী মাসগুলোতে দেশের শীর্ষস্থানীয় ওয়েডিং স্টুডিওগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে পেশাদার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি কমিউনিটির সঙ্গে প্রতিষ্ঠানটির যোগাযোগ আরও বাড়ানোর পাশাপাশি তাদের প্রয়োজন অনুযায়ী সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।




























