বাংলাদেশে ই-ওয়ালেট ও ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেয়েছে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্সের সহযোগী প্রতিষ্ঠান নিও পিএসপি লিমিটেড। প্রতিষ্ঠানটিকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে কাজ করার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১১ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর নির্ধারিত বিধান অনুসারে শর্তসাপেক্ষে প্রতিষ্ঠানটিকে এই লাইসেন্স দেওয়া হয়েছে।
লাইসেন্স পাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের নিয়ম ও প্রচলিত আইন মেনে দেশজুড়ে ডিজিটাল পেমেন্ট এবং অর্থ পরিশোধসংক্রান্ত বিভিন্ন সেবা দিতে পারবে নিও পিএসপি। এর মাধ্যমে ডিজিটাল আর্থিক সেবার বাজারে বাংলালিংকের সহযোগী প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
নিও পিএসপিকে যুক্ত করার পর দেশে বাংলাদেশ ব্যাংক অনুমোদিত পিএসপি বা ই-ওয়ালেট সেবাদাতা প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ১০টিতে। এর আগে আইপে সিস্টেমস, ডি মানি বাংলাদেশ, রিকার্সন ফিনটেক, গ্রিন অ্যান্ড রেড টেকনোলজিসসহ আরও নয়টি প্রতিষ্ঠান এ ধরনের অনুমোদন পেয়েছে।
বাংলাদেশে নগদ অর্থের বিকল্প হিসেবে ডিজিটাল লেনদেন বাড়াতে দীর্ঘদিন ধরে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ করে প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সেবার আওতায় আনার মাধ্যমে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও বিস্তৃত করার লক্ষ্য রয়েছে।
নিও পিএসপির নতুন এই লাইসেন্স সেই ধারাবাহিকতারই অংশ। প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করলে গ্রাহকদের জন্য ডিজিটাল অর্থ পরিশোধ ও ই-ওয়ালেটভিত্তিক সেবার পরিধি আরও বাড়তে পারে। তবে এসব সেবা বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নিয়ম ও শর্ত মেনেই পরিচালনা করতে হবে।


























