তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান অভিযোগ করেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে কাজে লাগিয়ে ফিলিস্তিন ইস্যুকে আন্তর্জাতিক আলোচনার বাইরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল। তার দাবি, নতুন নতুন সংকট তৈরি করে ফিলিস্তিনকে বিশ্বমঞ্চ থেকে সরিয়ে দেওয়াই নেতানিয়াহু সরকারের অন্যতম লক্ষ্য।
আঙ্কারায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এরদোগান। তিনি বলেন, ইসরাইল যতই ফিলিস্তিনকে ধ্বংসের চেষ্টা করুক, তাদের সেই প্রচেষ্টা সফল হবে না। বরং ফিলিস্তিনিদের অধিকার ও স্বাধীন রাষ্ট্রের দাবির প্রতি বিশ্বজুড়ে সমর্থন আরও বাড়বে।
এরদোগান বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে তুরস্কের সমর্থন অব্যাহত থাকবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, এসব সংঘাতের সুযোগ নিয়ে ফিলিস্তিন সংকটকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে।
এদিকে মাহমুদ আব্বাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তুরস্ক সফরে গেছে। সফরে ফিলিস্তিনের কূটনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারাও রয়েছেন। এরদোগানের সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি ও বিভিন্ন সংকট নিয়ে আলোচনা করেন আব্বাস।
বৈঠক শেষে মাহমুদ আব্বাস আলোচনাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ হিসেবে উল্লেখ করেন। দুই নেতার আলোচনায় ফিলিস্তিন পরিস্থিতি, আঞ্চলিক সংঘাত এবং ভবিষ্যৎ করণীয় গুরুত্ব পায়। এ সময় ফিলিস্তিনের প্রতি তুরস্কের সমর্থনের বিষয়টিও পুনর্ব্যক্ত করেন এরদোগান।



























