বেগমগঞ্জে গুলির ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে নোয়াখালীর বেগমগঞ্জে। গত ১২ দিনে উপজেলার বিভিন্ন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আটজন আহত হয়েছেন। ৬ থেকে ১৭ আগস্টের মধ্যে আলাইয়ারপুর, গোপালপুর ও চৌমুহনী পৌর হকার্স মার্কেট এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী, আধিপত্য বিস্তার, পূর্বশত্রুতা ও রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে হামলাগুলো হয়েছে। প্রতিটি ঘটনার পর থানায় মামলা বা অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো অস্ত্রধারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ নিয়ে ভুক্তভোগী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
সর্বশেষ সোমবার রাতে আলাইয়ারপুর ইউনিয়নের মোশাকপুর গ্রামের রমনিরহাট এলাকায় একটি গায়ে হলুদ অনুষ্ঠানে যাওয়ার পথে পাঁচজনকে গুলি করে দুর্বৃত্তরা। আহতরা হলেন নজরুল ইসলাম শান্ত, মারুফ আহমেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও মো. বাবলু। গুরুতর আহত বাবলুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত নজরুল ইসলাম জানান, তারা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কর্মী। তিনটি মোটরসাইকেল ও দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে অনুষ্ঠানে যাওয়ার সময় পেছন থেকে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এতে পাঁচজনই ছররা গুলিতে আহত হন।
এর আগে ১২ আগস্ট রাতে আলাইয়াপুর ইউনিয়নের উত্তর বর্দি গ্রামে সিএনজিচালিত অটোরিকশাচালক রাব্বি হোসেন রাকিবকে তুলে নিয়ে পায়ে গুলি করার অভিযোগ ওঠে। ৯ আগস্ট গোপালপুর ইউনিয়নে যুবদল নেতা সোহাগ হোসেন সোহেলের বাড়িতে ঢুকে তাকে গুলি করে দুর্বৃত্তরা।
এ ছাড়া ৬ আগস্ট রাতে চৌমুহনী হকার্স মার্কেটে বিএনপি নেতা হাজী আবুল কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার সহযোগী ফার্মেসি ব্যবসায়ী ইয়াসিন সেন্টুর পেটে লাগে।
বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস অভিযোগ করেন, বিভিন্ন ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তিনি অবৈধ অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
তবে পুলিশের দাবি, আসামিদের গ্রেপ্তারে একাধিকবার অভিযান চালানো হয়েছে। বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, ৬ আগস্টের ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের শনাক্তের চেষ্টা চলছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ইমরান খানও জানিয়েছেন, অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।



























