দেশে রোবটের সহায়তায় অস্ত্রোপচার শুরু হয়েছে। রাজধানীর ইউনাইটেড হেলথকেয়ারে প্রথমবারের মতো রোবটের সহায়তায় দুজন রোগীর অস্ত্রোপচার করা হয়েছে। এর মাধ্যমে আধুনিক চিকিৎসা প্রযুক্তিতে বাংলাদেশ নতুন একটি ধাপে প্রবেশ করল বলে মনে করছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা।
গত সোমবার একজন পুরুষ রোগীর পিত্তথলি অপসারণ এবং একজন নারী রোগীর জরায়ু অপসারণ করা হয়। পুরুষ রোগীর অস্ত্রোপচার করেন অধ্যাপক রফিকুস সালেহীন এবং নারী রোগীর অস্ত্রোপচার করেন অধ্যাপক সামসাদ জাহান। চিকিৎসকেরা জানিয়েছেন, রোবট অস্ত্রোপচারের সময় সার্জনকে সহায়তা করে।
রোবটের সহায়তায় অস্ত্রোপচার করলে ক্ষত তুলনামূলক ছোট হয়, রক্তপাত কম হয় এবং অস্ত্রোপচার আরও নিখুঁতভাবে করা সম্ভব। পাশাপাশি আশপাশের টিস্যুর ক্ষতির ঝুঁকিও কম থাকে। তবে অস্ত্রোপচারে মূল ভূমিকা পালন করেন প্রশিক্ষিত সার্জন।
ইউনাইটেড হেলথকেয়ারের চিকিৎসক ও নার্সদের একটি দল চীন থেকে রোবোটিক সার্জারির প্রশিক্ষণ নিয়েছেন। গত ডিসেম্বর থেকে তাঁরা নিয়মিত এ বিষয়ে অনুশীলন করেন। প্রথম অস্ত্রোপচারের সময় চীন ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকেরাও উপস্থিত ছিলেন।
রোবোটিক সার্জারিতে সাধারণ অস্ত্রোপচারের তুলনায় খরচ বেশি হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। একটি অস্ত্রোপচারে সাধারণত ১ লাখ ২০ হাজার টাকা খরচ হলে রোবটের সহায়তায় সেটি প্রায় সাড়ে তিন থেকে চার লাখ টাকা পর্যন্ত হতে পারে।
সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে রোবটের সহায়তায় অস্ত্রোপচার চালু হওয়া চিকিৎসাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে রোবট ব্যবহারের পাশাপাশি দক্ষ চিকিৎসক, নিবিড় পর্যবেক্ষণ ও যথাযথ তদারকি নিশ্চিত করাও জরুরি।


























