বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপালের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। দেশটির চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক কার্যক্রমে সহায়তা হিসেবে নেপাল সরকারের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ দশমিক ৩ কোটি টাকা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা একটি চিঠি হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির কাছে সহায়তার বিষয়টি জানানো হয়।
উত্তর নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটিতে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চলছে। দুর্গত মানুষের পাশে দাঁড়াতেই বাংলাদেশের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
এর আগে গত ১ সেপ্টেম্বর ঢাকায় নেপাল দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ভয়াবহ এই দুর্যোগে নেপালের মানুষের প্রতি বাংলাদেশের সহমর্মিতার কথাও তিনি জানান।
এদিকে নেপালের এই ট্র্যাজেডিতে শোক জানিয়ে গত ২৭ আগস্ট জাতীয় সংসদেও একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের জন্য বাংলাদেশের এই সহায়তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরও প্রতিফলন বলে মনে করা হচ্ছে।


























