দীর্ঘ ১২ বছর পর আবারও ইংল্যান্ড জাতীয় দলের সঙ্গে কাজ করতে যাচ্ছেন সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে তাকে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড, ইসিবি।
সোমবার ইসিবি জানিয়েছে, চলতি মাসে শ্রীলংকার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ দিয়েই নতুন দায়িত্ব শুরু করবেন পিটারসেন। প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে কাজ করবেন তিনি। বিশেষ করে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ইংল্যান্ডের ক্রিকেটারদের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন সাবেক এই তারকা ব্যাটসম্যান।
নিজের নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পিটারসেন। ২০১৪ সালের পর আবার ইংল্যান্ডের পোশাক পরতে পারাকে নিজের জন্য বড় সম্মানের বিষয় হিসেবে উল্লেখ করেছেন তিনি। নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বর্তমান ক্রিকেটারদের সামর্থ্য পুরোপুরি কাজে লাগাতে সহায়তা করতে চান পিটারসেন।
পিটারসেনের অভিজ্ঞতা নিয়ে আশাবাদী ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামও। সর্বোচ্চ পর্যায়ে সফল হওয়ার অভিজ্ঞতা এবং ব্যাটিং সম্পর্কে গভীর জ্ঞান ইংল্যান্ডের ব্যাটারদের উন্নতিতে কাজে লাগবে বলে মনে করছেন তিনি। মাঠের চাপ সামলানো থেকে শুরু করে বড় ম্যাচের প্রস্তুতি, বিভিন্ন ক্ষেত্রে পিটারসেনের অভিজ্ঞতা দলকে বাড়তি সুবিধা দিতে পারে।
পিটারসেনকে নিয়োগ দেওয়ার পেছনে দক্ষিণ আফ্রিকার সঙ্গে তার দীর্ঘ পরিচয়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দক্ষিণ আফ্রিকায় বেড়ে ওঠা এই ক্রিকেটার দেশটির কন্ডিশন ও পরিবেশ সম্পর্কে ভালোভাবে জানেন। আগামী বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় স্থানীয় পরিবেশ সম্পর্কে তার অভিজ্ঞতা ইংল্যান্ডের প্রস্তুতিতে কাজে লাগবে বলে আশা করছে ইসিবি।
৪৫ বছর বয়সী পিটারসেন ইংল্যান্ডের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে অসাধারণ পরিসংখ্যান গড়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার ব্যাট থেকে এসেছে ৩২টি সেঞ্চুরি ও ৬৭টি ফিফটি। সব মিলিয়ে ইংল্যান্ডের হয়ে ১৩ হাজার ৭৯৭ রান করেছেন তিনি।
দীর্ঘ ১২ বছর পর ইংল্যান্ড দলের সঙ্গে নতুন ভূমিকায় পিটারসেনের যুক্ত হওয়ায় ক্রিকেটপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ। অভিজ্ঞ এই সাবেক অধিনায়ক বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের কতটা প্রভাবিত করতে পারেন, সেটিই এখন দেখার বিষয়। বিশেষ করে বিশ্বকাপের আগে তার অভিজ্ঞতা ইংল্যান্ডের সীমিত ওভারের দলকে কতটা এগিয়ে দেয়, সেদিকেই থাকবে সবার নজর।






















