বেক জিন হির বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাঁর হবু স্বামীকে নিয়ে ভক্তদের কৌতূহল বাড়ছিল। বিশেষ করে তিনি কী করেন, কোথায় থাকেন এবং বিনোদন জগতের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক আছে কি না—এসব জানতে আগ্রহী ছিলেন অনেকে। এবার নিজেই সেই প্রশ্নের উত্তর দিয়েছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী। জানিয়েছেন, তাঁর হবু স্বামী কোনো ব্যবসায়ী কিংবা বিপুল সম্পদের মালিক নন; তিনি কানাডায় কর্মরত একজন সাধারণ চাকরিজীবী।
৮ সেপ্টেম্বর নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে বেক জিন হি তাঁর বিয়ের বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন। অভিনেত্রীর ইচ্ছা ছিল, সংবাদমাধ্যমে খবর প্রকাশের আগেই নিজের মুখে ভক্তদের সুখবরটি জানাবেন। কিন্তু তার আগেই বিয়ের খবর ছড়িয়ে পড়ে। তাই দেরি না করে ক্যামেরার সামনে এসে সরাসরি নিজের বিয়ের কথা জানান তিনি। ভিডিওতে অভিনেত্রী বলেন, তিনি বিয়ে করতে যাচ্ছেন। এরপর ভক্তদের কাছ থেকে পাওয়া অসংখ্য শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
বিয়ের ঘোষণা দেওয়ার পর মানুষের ভালোবাসায় আবেগাপ্লুত বেক জিন হি। তাঁর ভাষায়, জীবনে এর আগে এত মানুষের কাছ থেকে একই সময়ে অভিনন্দন পাওয়ার অভিজ্ঞতা হয়নি। তবে এই সম্পর্কের পথ সবসময় সহজ ছিল না। অভিনেত্রী দক্ষিণ কোরিয়ায় থাকলেও তাঁর হবু স্বামী থাকেন কানাডায়। ফলে দুজনের দেখা করতে প্রায় ১৪ ঘণ্টার বিমানযাত্রা করতে হয়েছে। দীর্ঘ দূরত্বের সম্পর্ক সামলানো তাঁদের জন্য যে সহজ ছিল না, সেটিও জানিয়েছেন তিনি।
তবে দূরত্বের মধ্যেও এই মানুষটি তাঁর জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছেন বলে জানান বেক জিন হি। ছোট ছোট বিষয়েও এখন তিনি আগের তুলনায় বেশি আনন্দ খুঁজে পান। এমনকি সামান্য বিষয়েও হেসে ওঠার অভ্যাস তৈরি হয়েছে তাঁর। অভিনেত্রীর মতে, হবু স্বামীর কাছ থেকেই তিনি শিখেছেন, প্রতিদিনের সাধারণ জীবনেও অনেক আনন্দ লুকিয়ে থাকতে পারে। তাই সম্পর্কটি তাঁর কাছে শুধু ভালোবাসার নয়, জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ারও একটি অভিজ্ঞতা।
হবু স্বামীর পেশা নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল ছিল ভক্তদের। সেই প্রসঙ্গে বেক জিন হি স্পষ্ট করে বলেছেন, তিনি একজন সাধারণ চাকরিজীবী। ব্যবসার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই, আবার অর্থজগতের সঙ্গেও যুক্ত নন। বিপুল সম্পদের মালিক হওয়ার বিষয়টিও নাকচ করেছেন অভিনেত্রী। বরং ছুটির দিন বা শুক্রবার সকালে অফিস শেষ হওয়ার পর কী করবেন, তা নিয়ে আনন্দ করার মতো সাধারণ জীবনযাপনই তাঁর হবু স্বামীর পছন্দ। এই সরল জীবনযাপনই অভিনেত্রীর কাছে বিশেষ আকর্ষণের বিষয় হয়ে উঠেছে।
তবে হবু স্বামীর নাম বা ব্যক্তিগত পরিচয় প্রকাশ করতে রাজি নন বেক জিন হি। তাঁর মতে, বিয়ে শুধু দুজন মানুষের সম্পর্ক নয়, এর সঙ্গে দুই পরিবারও জড়িয়ে থাকে। নিজের জীবন নিয়ে যতটা কথা বলা সম্ভব, ভবিষ্যৎ পরিবারের সদস্য হতে যাওয়া মানুষটির ব্যক্তিগত বিষয় ততটা প্রকাশ করতে চান না তিনি। বিয়ের প্রস্তুতি নিয়ে নানা অনুভূতির মধ্য দিয়ে গেলেও ভক্তদের ভালোবাসা ও আগ্রহকে সম্মান করছেন অভিনেত্রী। আগামী ২৩ জানুয়ারি বেক জিন হির বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা রয়েছে।























