৩৩টি সিনেমার লড়াই শেষে ৯৯তম অস্কারে ভারতের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছে মারাঠি ভাষার থ্রিলার সিনেমা ‘গোন্ধল’। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া (এফএফআই)। সিনেমাটি পরিচালনা করেছেন সন্তোষ দাভাখর।
‘গোন্ধল’ ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ভারতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। এর আগে ২০২৫ সালের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অব ইন্ডিয়ায় সিনেমাটির পরিচালক সন্তোষ দাভাখর সিলভার পিকক পুরস্কার পেয়েছিলেন।
এবার ভারতের অস্কার বাছাইয়ে জমা পড়েছিল মোট ৩৩টি সিনেমা। এর মধ্যে ১৪টি ছিল হিন্দি ভাষার। মারাঠি, তেলুগু ও গুজরাটি ভাষার চারটি করে সিনেমা ছিল তালিকায়। এ ছাড়া তামিল ভাষার তিনটি এবং মালায়ালাম ও নাগামিজ ভাষার একটি করে সিনেমা জমা পড়ে। তালিকায় ছিল একটি নির্বাক চলচ্চিত্রও।
জুরি বোর্ডের মূল্যায়নের পর চূড়ান্তভাবে ‘গোন্ধল’কে ভারতের প্রতিনিধি হিসেবে বেছে নেওয়া হয়। ১২ সদস্যের জুরি প্যানেলের নেতৃত্বে ছিলেন পি. শেষাদ্রি। প্যানেলে ছিলেন বিজয় পাটকর, হুতু কানাডিয়া, শান্তি কুমার, সন্দীপ পরাশর, সঞ্জয় পাটিল, সাবু জোসেফ, অনিল থমাস, বিবেক বাসওয়ানি, বিজন দাসগুপ্ত, হাসান, বাসন ও তানিষ্ঠা চ্যাটার্জি।
এর আগে ২০২৫ সালে নীরজ ঘায়ওয়ান পরিচালিত ‘হোমবাউন্ড’ অস্কারে ভারতের আনুষ্ঠানিক নির্বাচিত সিনেমা হয়েছিল। ঈশান খাত্তার ও বিশাল জেঠওয়া অভিনীত সিনেমাটি অবশ্য অস্কারের দীর্ঘ তালিকায় জায়গা করে নিতে পারেনি। এবার ‘গোন্ধল’ সেই ধাপ পেরোতে পারে কি না, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে।
৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডস আগামী বছরের ১৪ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ভারতের হয়ে নির্বাচিত ‘গোন্ধল’কে অস্কারের পরবর্তী বাছাইপর্ব পেরোতে হবে।



























