ক্যাটরিনা কাইফের সৌন্দর্য নিয়ে ভক্তদের আগ্রহ নতুন কিছু নয়। তবে মা হওয়ার পর তাঁর চেহারা ও ত্বকে যে পরিবর্তন এসেছে, তা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য দেখা গেছে। এবার এসব আলোচনার বাইরে নিজের সৌন্দর্যভাবনা ও সুস্থ থাকার অভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেছেন বলিউডের এই অভিনেত্রী।
সম্প্রতি ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাটরিনা কাইফ মাতৃত্বের পর শরীর ও ত্বকে পরিবর্তন আসাকে স্বাভাবিক বিষয় হিসেবে উল্লেখ করেন। তাঁর কথায়, এখন সৌন্দর্য বলতে শুধু নিখুঁত চেহারা বোঝেন না। বরং নিজের শরীর ও মনের সবচেয়ে ভালো অবস্থায় থাকাকেই বেশি গুরুত্ব দেন তিনি।
ক্যারিয়ারের শুরুর সময়ের চেহারার সঙ্গে বর্তমান নিজেকে তুলনা করতে চান না ক্যাটরিনা। বয়স, সময় কিংবা মাতৃত্বের কারণে শরীরে পরিবর্তন আসবে—এটাই স্বাভাবিক বলে মনে করেন তিনি। তাই আগের চেহারায় ফিরে যাওয়ার চেষ্টার বদলে বর্তমান শরীরকে বুঝে তার যত্ন নেওয়ার ওপর জোর দিচ্ছেন এই অভিনেত্রী।
ত্বকের যত্নের ক্ষেত্রেও তাঁর ভাবনায় এসেছে পরিবর্তন। শুধু সৌন্দর্য বাড়ানোর জন্য প্রসাধনী ব্যবহারের পরিবর্তে ত্বককে সুস্থ রাখা ও পুনরুদ্ধারে সহায়তা করে এমন পণ্যের দিকে গুরুত্ব দিচ্ছেন তিনি। পাশাপাশি স্বাস্থ্যকর খাবার, শরীরচর্চা, ধ্যান, সকালে প্রাকৃতিক আলোয় সময় কাটানো এবং ডিজিটাল ডিভাইস থেকে কিছুটা দূরে থাকার মতো অভ্যাসকেও গুরুত্ব দেন ক্যাটরিনা।
সম্প্রতি স্বামী ভিকি কৌশলের সঙ্গে একটি অনুষ্ঠানে হাজির হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাটরিনার চেহারা ও শরীর নিয়ে নানা মন্তব্য দেখা যায়। এসব মন্তব্যের মধ্যে কিছু ছিল নেতিবাচক ও ব্যক্তিগত। অন্যদিকে বেশ কয়েকজন তারকা তাঁর পাশে দাঁড়িয়ে এমন মন্তব্যের সমালোচনা করেন। বিষয়টি আবারও সামনে আনে, তারকাদের ব্যক্তিগত চেহারা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার প্রবণতা কতটা সহজ হয়ে গেছে।
অভিনয়ের পাশাপাশি প্রসাধনী ব্যবসাতেও সক্রিয় ক্যাটরিনা কাইফ। তাঁর ব্র্যান্ড কে বিউটি নিয়ে ব্যবসায়িক সাফল্যের খবরও এসেছে বিভিন্ন প্রতিবেদনে। সব মিলিয়ে মাতৃত্বের পর তাঁর বক্তব্যে সৌন্দর্যের প্রচলিত ধারণার চেয়ে সুস্থতা, স্বস্তি ও নিজের বর্তমান সত্তাকে গ্রহণ করার বিষয়টিই বেশি গুরুত্ব পেয়েছে। নিজের চেহারা নিয়ে অন্যের প্রত্যাশার বদলে নিজের পছন্দকেই গুরুত্ব দিচ্ছেন এই অভিনেত্রী।



























