বাঁশকোড়ল দিয়ে হাঁসের মাংস রান্নার রেসিপি
বাঁশকোড়লের স্বাদ ও হাঁসের মাংসের সমৃদ্ধ ঘ্রাণ একসঙ্গে মিশলে তৈরি হয় ভিন্নধর্মী একটি পদ। চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের রান্নায় বাঁশকোড়ল নানা উপকরণের সঙ্গে ব্যবহার করা হয়। সেই ধারায় তৈরি করতে পারেন ঝাল-মসলাদার বাঁশকোড়ল দিয়ে হাঁসের মাংস।
উপকরণ
- ১টি ছোট আকারের হাঁস, প্রায় ১.৫ কেজি
- সেদ্ধ করা বাঁশকোড়ল ৬ থেকে ৮ টুকরা
- পেঁয়াজ কুচি ২ কাপ
- আদা-রসুন বাটা ২ টেবিল চামচ
- তেল ১ কাপ
- হলুদ গুঁড়া ১ চা চামচ
- মরিচ গুঁড়া ৩ চা চামচ
- জিরা গুঁড়া ১ চা চামচ
- ধনে গুঁড়া ১ চা চামচ
- দারুচিনি ১টি বড় টুকরা
- সবুজ এলাচ ৫টি
- স্টার অ্যানিস ১টি
- কাঁচা মরিচ ৬ থেকে ৮টি
- পানি ৬ থেকে ৮ কাপ
- স্বাদমতো লবণ
প্রস্তুত প্রণালি
প্রথমে হাঁস পরিষ্কার করে চামড়া ছাড়িয়ে নিন। এরপর হাঁসের মাংস ৩ থেকে ৪ ইঞ্চি আকারের টুকরায় কেটে রাখুন।
একটি বড় হাঁড়িতে মাঝারি আঁচে তেল গরম করুন। এতে পেঁয়াজ কুচি ও সামান্য লবণ দিয়ে ভাজুন। পেঁয়াজ সোনালি হয়ে এলে আধা কাপ পানি দিয়ে আরও ১ মিনিট রান্না করুন।
এবার আদা-রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এরপর দারুচিনি, এলাচ ও স্টার অ্যানিস দিয়ে আরও ১ মিনিট ভাজুন।
আধা কাপ পানি দিয়ে হলুদ, মরিচ, জিরা ও ধনে গুঁড়া যোগ করুন। মসলা ভালোভাবে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিন, যতক্ষণ না মসলা থেকে সুন্দর ঘ্রাণ বের হয় এবং তেল আলাদা হতে শুরু করে।
এবার হাঁসের মাংস দিয়ে ভালোভাবে মসলার সঙ্গে মিশিয়ে কষাতে থাকুন। মাংস থেকে পানি বের হয়ে তা শুকিয়ে তেল ওপরে উঠে আসা পর্যন্ত রান্না করুন। এরপর অল্প অল্প করে পানি দিয়ে একইভাবে ২ থেকে ৩ বার মাংস কষিয়ে নিন। এতে মাংসে মসলার স্বাদ ভালোভাবে ঢুকে যাবে।
এরপর সেদ্ধ করা বাঁশকোড়ল দিয়ে হাঁসের মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে কয়েক মিনিট কষিয়ে নিন। বাঁশকোড়ল মসলার সঙ্গে ভালোভাবে মিশে গেলে ৬ থেকে ৮ কাপ পানি দিন।
হাঁড়ির ঢাকনা দিয়ে কম থেকে মাঝারি আঁচে রান্না করুন। হাঁসের মাংস নরম না হওয়া পর্যন্ত রান্না করতে হবে। প্রয়োজন হলে রান্নার মাঝখানে আরও পানি দিয়ে ঝোলের পরিমাণ ঠিক করে নিন।
সবশেষে লবণ পরীক্ষা করে ৬ থেকে ৮টি কাঁচা মরিচ দিয়ে দিন। ঢাকনা দিয়ে আরও ১ মিনিট রান্না করে চুলা বন্ধ করুন।
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু বাঁশকোড়ল দিয়ে হাঁসের মাংস।




























