প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বেতনকাঠামোর আওতায় চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি চাকরিজীবীরা বাড়তি মূল বেতনের নির্ধারিত অংশ পাবেন। প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন বেতনকাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এবং ১ জুলাই ২০২৬ থেকে এর কার্যকারিতা ধরা হয়েছে।
গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতনকাঠামো অনুমোদন দেওয়া হয়। এরপর অর্থ বিভাগের পক্ষ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন কাঠামোতে আগের মতোই ২০টি গ্রেড রাখা হয়েছে।
অপরদিকে, নতুন বেতনকাঠামোয় মোবাইল ফোন ভাতার পাশাপাশি চিকিৎসা, যাতায়াত, টিফিন ও ধোলাই ভাতাসহ বিভিন্ন সুবিধা বাড়ানোর কথা বলা হয়েছে। তবে বাড়িভাড়ার হার ও উচ্চ গ্রেডের বার্ষিক ইনক্রিমেন্টে পরিবর্তন আনা হয়েছে। বিভিন্ন ভাতা ২০২৮ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
নতুন পে-স্কেল অনুযায়ী, গ্রেড-১-এর জন্য ১ লাখ ৫৬ হাজার টাকা মূল বেতন নির্ধারণ করা হয়েছে। গ্রেড-২-এ ১ লাখ ৩২ হাজার টাকা, গ্রেড-৩-এ ১ লাখ ১৩ হাজার টাকা, গ্রেড-৪-এ ১ লাখ টাকা, গ্রেড-৫-এ ৮৬ হাজার টাকা, গ্রেড-৬-এ ৭১ হাজার টাকা, গ্রেড-৭-এ ৫৮ হাজার টাকা এবং গ্রেড-৮-এ ৪৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া গ্রেড-৯-এ ৪৪ হাজার টাকা, গ্রেড-১০-এ ৩২ হাজার টাকা, গ্রেড-১১-এ ২৫ হাজার টাকা, গ্রেড-১২-এ ২৪ হাজার ৩০০ টাকা, গ্রেড-১৩-এ ২৪ হাজার টাকা, গ্রেড-১৪-এ ২৩ হাজার ৫০০ টাকা, গ্রেড-১৫-এ ২২ হাজার ৮০০ টাকা, গ্রেড-১৬-এ ২১ হাজার ৯০০ টাকা, গ্রেড-১৭-এ ২১ হাজার ৪০০ টাকা, গ্রেড-১৮-এ ২১ হাজার টাকা, গ্রেড-১৯-এ ২০ হাজার ৫০০ টাকা এবং গ্রেড-২০-এ ২০ হাজার টাকা মূল বেতন নির্ধারণ করা হয়েছে।



























