দ্য অ্যালকেমিস্ট-এর ফাতিমা চরিত্রে অভিনয়ের মাধ্যমে থিয়েটারে অভিষেক হচ্ছে তরুণ অভিনয়শিল্পী সায়রা জাহানের। ভালোবাসা, অপেক্ষা ও আত্মত্যাগের আবেগঘন এই চরিত্রকে মঞ্চে তুলে ধরতে প্রস্তুতি নিয়েছেন তিনি। বিশ্বখ্যাত লেখক পাওলো কোয়েলহোর উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে নাটকটি।
পাওলো কোয়েলহোর ‘দ্য অ্যালকেমিস্ট’ এবার মঞ্চে নিয়ে আসছে থিয়েটার দল ‘অ্যাক্টোম্যানিয়া’। উপন্যাসের দর্শন, আত্ম-অন্বেষণ ও স্বপ্নের গল্পকে নতুনভাবে মঞ্চে তুলে ধরছেন নির্মাতারা। প্রযোজনাটি পরিচালনা করছেন তালহা জুবায়ের।
নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ফাতিমা। গল্পে সান্তিয়াগোর সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক তৈরি হলেও নিজের স্বপ্নের পথে এগিয়ে যেতে সান্তিয়াগোকে আটকে রাখে না ফাতিমা। বরং তার যাত্রার প্রতি আস্থা রাখে। ভালোবাসার এমন সংযত প্রকাশই চরিত্রটিকে আলাদা মাত্রা দিয়েছে।
দ্য অ্যালকেমিস্ট-এর ফাতিমা চরিত্রে অভিনয় সায়রার জন্য প্রথম মঞ্চ অভিজ্ঞতা। কয়েক মাস ধরে ওয়ার্কশপ, রিহার্সাল ও চরিত্র বিশ্লেষণের মধ্য দিয়ে নিজেকে প্রস্তুত করেছেন তিনি। চরিত্রটির নীরবতা, অপেক্ষা ও অনুভূতির গভীরতা অভিনয়ে ফুটিয়ে তোলাই ছিল তার অন্যতম চ্যালেঞ্জ।
সায়রা বলেন, ফাতিমা শুধু সান্তিয়াগোর ভালোবাসার মানুষ নয়, সে সাহারারও একটি গুরুত্বপূর্ণ অংশ। চরিত্রটির মধ্যে অপেক্ষা থাকলেও আক্ষেপ নেই। প্রথম প্রযোজনাতেই এমন একটি আত্মিক চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি আনন্দিত ও কৃতজ্ঞ বলেও জানান।
তালহা জুবায়েরের পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শশাঙ্ক সাহা, সায়েম সিজান, জয়ব্রত বিশ্বাসসহ আরও অনেকে। মরুভূমির আবহ, আলো, সংগীত ও কোরিওগ্রাফির সমন্বয়ে তৈরি হচ্ছে নাটকটির মঞ্চজগৎ। সেই আবহে ফাতিমা চরিত্রে সায়রার অভিষেক দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হয়ে উঠতে পারে।



























