আল্লাহর নিয়ামতের প্রকাশও ইবাদত— ইসলামের এই শিক্ষা অনেকের কাছে অপরিচিত। কেউ কেউ মনে করেন, ধর্মীয় জীবন মানেই সাধারণ, অনাড়ম্বর কিংবা অপরিচ্ছন্ন জীবনযাপন। অথচ ইসলাম মানুষের আত্মিক পবিত্রতার পাশাপাশি বাহ্যিক পরিচ্ছন্নতা, শালীনতা ও সৌন্দর্যবোধকেও অত্যন্ত গুরুত্ব দিয়েছে। ইসলাম যেমন অপচয় ও অহংকারকে নিরুৎসাহিত করে, তেমনি অবহেলাপূর্ণ ও অগোছালো জীবনযাপনকেও সমর্থন করে না। বরং আল্লাহর দেওয়া বৈধ নিয়ামতের যথাযথ ব্যবহার এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশকে ইবাদতের অংশ হিসেবে বিবেচনা করা হয়েছে।
মানুষের জীবন আল্লাহর অসংখ্য নিয়ামতে পরিপূর্ণ। সুস্থতা, রিজিক, পোশাক, বাসস্থান, পরিবার এবং সামাজিক মর্যাদা— সবই মহান আল্লাহর দান। এসব নিয়ামতকে অস্বীকার করা বা গোপন করার পরিবর্তে বিনয় ও কৃতজ্ঞতার সঙ্গে ব্যবহার করার নির্দেশ দিয়েছে ইসলাম। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ তাআলা তার দেওয়া নিয়ামতের প্রভাব তার বান্দার ওপর দেখতে ভালোবাসেন।” এই হাদিসের মাধ্যমে বোঝা যায়, আল্লাহর দেওয়া সম্পদ বা সামর্থ্য থাকলে তার যথাযথ ও বৈধ ব্যবহার করাও একটি ইতিবাচক আমল। ইসলাম কখনো কৃত্রিমভাবে নিজেকে অভাবী হিসেবে উপস্থাপন করার শিক্ষা দেয় না।
পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, “আল্লাহ তার বান্দাদের জন্য যে সৌন্দর্য ও পবিত্র রিজিক সৃষ্টি করেছেন, তা কে হারাম করেছে?” এই আয়াত ইসলামের সৌন্দর্যবোধের একটি মৌলিক ভিত্তি। এখানে স্পষ্ট করা হয়েছে যে, বৈধ ও পবিত্র উপায়ে অর্জিত নিয়ামত উপভোগ করা নিষিদ্ধ নয়; বরং তা আল্লাহর অনুগ্রহের বহিঃপ্রকাশ। ইসলাম সৌন্দর্যের বিরোধিতা করে না। বরং সৌন্দর্যকে সঠিক সীমার মধ্যে ধারণ করতে উৎসাহ দেয়। সুন্দর পোশাক পরা, পরিচ্ছন্ন থাকা, সুগন্ধি ব্যবহার করা এবং পরিপাটি জীবনযাপন করা ইসলামের দৃষ্টিতে প্রশংসনীয় কাজ। তবে এর সঙ্গে শর্ত হলো— এসবের মধ্যে অহংকার, প্রদর্শন বা অপচয়ের মনোভাব থাকা যাবে না।
রাসুলুল্লাহ (সা.) নিজ জীবনেও পরিচ্ছন্নতা ও পরিপাট্যতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি সবসময় পরিচ্ছন্ন পোশাক পরতেন এবং সুগন্ধি ব্যবহার করতেন। সাহাবিদেরও তিনি ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিষয়ে উৎসাহ দিতেন। এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) এক ব্যক্তিকে এলোমেলো চুলে দেখে বলেন, সে কি তার চুল গুছিয়ে রাখার মতো কিছু পায় না? আবার অন্য এক ব্যক্তির ময়লা পোশাক দেখে তিনি বলেন, সে কি তার কাপড় ধোয়ার মতো পানি পায় না? এই ঘটনা থেকে বোঝা যায়, পরিচ্ছন্নতা ইসলামের গুরুত্বপূর্ণ অংশ।
ইসলামের দৃষ্টিতে আধ্যাত্মিকতা এবং বাহ্যিক সৌন্দর্য একে অপরের বিপরীত নয়। বরং একজন মুমিনের জীবনে এই দুই গুণের সমন্বয় থাকা উচিত। অন্তরের পবিত্রতা যেমন জরুরি, তেমনি বাহ্যিক পরিচ্ছন্নতাও ইসলামের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। বর্তমান সমাজে এ বিষয়ে দুই ধরনের চরমপন্থা দেখা যায়। একদল মনে করে, দ্বীনদার হওয়ার জন্য মলিন ও সাধারণ চেহারায় থাকা আবশ্যক। অন্যদিকে আরেকদল বিলাসিতা, ব্র্যান্ড-আসক্তি এবং অতিরিক্ত ভোগবাদের মধ্যে নিজেদের সাফল্য খুঁজে নেয়। ইসলাম এই দুই অবস্থানের কোনোটিকেই সমর্থন করে না।
ইসলাম মধ্যপন্থা ও ভারসাম্যের শিক্ষা দেয়। একজন মুসলিম নিজের সামর্থ্য অনুযায়ী ভালো পোশাক পরবে, পরিচ্ছন্ন থাকবে এবং জীবনকে সুন্দরভাবে সাজাবে। তবে সে কখনো নিজের সম্পদ বা অবস্থান নিয়ে অহংকার করবে না এবং অন্যদের তুচ্ছজ্ঞান করবে না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যার অন্তরে অণু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। সাহাবিরা যখন জিজ্ঞেস করলেন, সুন্দর পোশাক ও সুন্দর জুতা পছন্দ করা কি অহংকারের অন্তর্ভুক্ত? তখন তিনি বলেন, “নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্য পছন্দ করেন। অহংকার হলো সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছজ্ঞান করা।”
এই হাদিস ইসলামের সৌন্দর্যবোধের মূলনীতি স্পষ্ট করে। সুন্দর জীবনযাপন বা ভালো পোশাক নিজে কোনো অপরাধ নয়। সমস্যা তখনই সৃষ্টি হয়, যখন তা আত্মগরিমা, প্রদর্শন বা অন্যকে হেয় করার উপায় হয়ে ওঠে। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিলাসবহুল জীবন প্রদর্শনের প্রবণতা বেড়েছে। অনেকেই নিজেদের সম্পদ ও ভোগবিলাস দেখিয়ে সামাজিক মর্যাদা অর্জনের চেষ্টা করেন। আবার কেউ কেউ ধর্মীয় ভাবমূর্তি তৈরির জন্য ইচ্ছাকৃতভাবে অপরিচ্ছন্ন বা অস্বাভাবিক জীবনযাপন করেন। উভয় প্রবণতাই ইসলামের ভারসাম্যপূর্ণ শিক্ষার পরিপন্থী।
ইসলামী চিন্তাবিদরা বলেন, আল্লাহর নিয়ামতের প্রকাশ এমন হওয়া উচিত, যা কৃতজ্ঞতার প্রতিফলন ঘটায়। নিয়ামত ব্যবহার করার সময় মানুষের মনে বিনয়, শোকর এবং দায়িত্ববোধ থাকতে হবে। কারণ নিয়ামত শুধু ভোগের বিষয় নয়; এটি একটি আমানতও। একজন ব্যক্তি যখন হালাল উপার্জনের মাধ্যমে নিজের পরিবারকে সুন্দর ও পরিচ্ছন্ন জীবন উপহার দেন, তখন তিনি আল্লাহর একটি গুরুত্বপূর্ণ নির্দেশ পালন করেন। এভাবেই দৈনন্দিন জীবনযাপনের মধ্যেও ইবাদতের চেতনা বাস্তবায়িত হয়।
ইসলাম কেবল নামাজ, রোজা বা মসজিদকেন্দ্রিক ইবাদতের শিক্ষা দেয় না। বরং একজন মুসলিমের পোশাক, আচরণ, পরিচ্ছন্নতা, রুচি এবং সামাজিক জীবনেও ইসলামের সৌন্দর্য প্রতিফলিত হওয়া উচিত। এই সৌন্দর্য মানুষকে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেয় এবং কৃতজ্ঞতার শিক্ষা দেয়। সুতরাং আল্লাহর নিয়ামতের প্রকাশও ইবাদত— যদি তা শালীনতা, কৃতজ্ঞতা এবং বিনয়ের সঙ্গে সম্পন্ন হয়। অপচয় ও অহংকার থেকে দূরে থেকে ভারসাম্যপূর্ণ সৌন্দর্যচর্চাই ইসলামের প্রকৃত শিক্ষা। একজন মুমিনের জীবন হবে পরিচ্ছন্ন, মার্জিত ও সংযত; যেখানে আল্লাহর নিয়ামতের প্রকাশ থাকবে, কিন্তু আত্মপ্রদর্শনের কোনো স্থান থাকবে না।





























