নারায়ণগঞ্জে ডিবি সদস্যদের ওপর হামলা চালিয়ে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ জুন) আসামি গ্রেপ্তার অভিযানে গেলে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাদের আড়াইহাজার উপজেলার শান্তিনগর বাজারে নিয়ে গিয়ে আবারও মারধর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা ডিবি দক্ষিণ বিভাগের চার সদস্যের একটি দল একটি মামলার আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে রূপগঞ্জে যায়। এ সময় আসামিপক্ষের লোকজন জড়ো হয়ে তিন সদস্যের ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে তাদের একটি পিকআপে তুলে আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে নিয়ে যাওয়া হয়।
আহত পুলিশ সদস্যরা হলেন এসআই মামুন মাতুব্বর, এএসআই আমান উল্লাহ এবং কনস্টেবল কবির আহম্মেদ। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। হামলার সময় কনস্টেবল আকাশ আহমেদ পাশের একটি ওয়াশরুমে থাকায় তিনি রক্ষা পান।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, সাদা পোশাকে অভিযানে যাওয়ায় স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় এবং একপর্যায়ে তারা জনরোষের শিকার হন। এ ঘটনায় বিস্তারিত তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


























