সালমান খানকে ঘিরে নতুন এক গুঞ্জন ছড়িয়ে পড়েছে বলিউড অঙ্গনে। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে যে ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’ তার পরিচয়ের অংশ হয়ে উঠেছে, সেই বাড়ি ছেড়ে নাকি নতুন ঠিকানায় যেতে পারেন এই সুপারস্টার। ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট শুধু সালমান খানের বাসস্থান নয়, এটি তার ভক্তদের কাছেও একটি আবেগের নাম। ঈদ, জন্মদিন কিংবা বিশেষ উপলক্ষে হাজারো অনুরাগী এই ভবনের সামনে জড়ো হন প্রিয় তারকার এক ঝলক দেখার আশায়। বছরের পর বছর ধরে এই দৃশ্য বলিউড সংস্কৃতিরই একটি অংশ হয়ে উঠেছে।
প্রতিবেদন অনুযায়ী, বান্দ্রার একটি জমিতে নতুন ছয়তলা ভবন নির্মাণের অনুমোদন পেয়েছে খান পরিবার। জমিটি সালমানের মা সালমা খান-এর নামে নিবন্ধিত। আগে সেখানে দুই তলার একটি ভবন ছিল, যা ইতোমধ্যে ভেঙে ফেলা হয়েছে। নতুন ভবনে আধুনিক সুযোগ-সুবিধার পাশাপাশি থাকবে গ্রাউন্ড ফ্লোর ও স্টিল্ট পার্কিংয়ের ব্যবস্থাও।
নতুন বাড়ি নির্মাণের আলোচনায় নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। দীর্ঘদিন ধরেই বিষ্ণোই গ্যাং-এর পক্ষ থেকে হুমকির মুখে রয়েছেন সালমান খান। এ কারণে বর্তমানে তিনি ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা সুবিধা ভোগ করছেন। নতুন বাড়িটি মূল সড়ক থেকে কিছুটা ভেতরে হওয়ায় সেখানে নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা আরও জোরদার করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, উপকূলীয় এলাকায় ভবন নির্মাণ হওয়ায় পরিবেশগত কিছু শর্তও মেনে চলতে হবে। নির্মাণকাজের সময় কোনো গাছ কাটা যাবে না এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নতুন গাছ লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে প্রকৃতি সংরক্ষণ এবং আধুনিক স্থাপনার সমন্বয়ে তৈরি হবে নতুন আবাসন।
উল্লেখ্য, ১৯৭৪ সাল থেকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই বসবাস করছে খান পরিবার। প্রায় ৫২ বছরের স্মৃতি জড়িয়ে থাকা এই বাড়ি ছেড়ে যাওয়ার বিষয়টি স্বাভাবিকভাবেই ভক্তদের আবেগকে নাড়া দিয়েছে। তবে এখন পর্যন্ত সালমান খান বা তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই নতুন বাড়িতে ওঠার খবরটি এখনও গুঞ্জনের পর্যায়েই রয়েছে।


























