সিলেটের বিশ্বনাথে পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ বকুলের ওপর হামলার ঘটনায় উপজেলা ও পৌর বিএনপি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে দেওয়া এক বিবৃতিতে এ ঘটনার জন্য নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
বিএনপির নেতারা জানান, আবদুল মজিদ বকুল দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। গত বুধবার সন্ধ্যায় তিনি নিজ বাড়িতে অবস্থানকালে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার অতর্কিত হামলার শিকার হন। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর বিএনপি নেতারা আহত ছাত্রদল নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
বিবৃতিতে বলা হয়, হামলার ঘটনায় অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীম আহমদকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া চেয়ারম্যান এবং বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আবদুল হাই ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম বিবৃতিতে স্বাক্ষর করেন।
বিএনপি নেতারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা না করা হলে বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।



























