ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়ন ও সম্প্রসারণে বাংলাদেশকে এক বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা বাড়াতেই এই অর্থায়ন করা হচ্ছে।
এ লক্ষ্যে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকার ও আইডিবির মধ্যে ‘মডার্নাইজেশন অ্যান্ড এক্সপ্যানশন অব ইস্টার্ন রিফাইনারি ইন বাংলাদেশ’ প্রকল্পের অর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ড. মিজানুর রহমান এবং আইডিবির পক্ষে কান্ট্রি প্রোগ্রামস বিভাগের মহাপরিচালক আনাস আইসামি স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের চেয়ারম্যান ড. মোহাম্মদ আল জাসের উপস্থিত ছিলেন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এই প্রকল্প বাস্তবায়ন করবে।
সরকারি সূত্র জানিয়েছে, বাংলাদেশে কোনো একক প্রকল্পে আইডিবির এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ বিনিয়োগ। এই অর্থায়নের ফলে বাংলাদেশের সঙ্গে আইডিবির চলমান উন্নয়ন সহযোগিতার সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটির মাধ্যমে দেশের জ্বালানি খাতে বড় ধরনের সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।
প্রকল্প বাস্তবায়ন হলে ইস্টার্ন রিফাইনারির বার্ষিক অপরিশোধিত তেল পরিশোধন সক্ষমতা ১৫ লাখ মেট্রিক টন থেকে বেড়ে ৪৫ লাখ মেট্রিক টনে উন্নীত হবে। এর ফলে দেশে পরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ সক্ষমতা বাড়বে এবং জ্বালানি নিরাপত্তা আরও সুদৃঢ় করার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে পরিবেশবান্ধব ইউরো-৫ মানসম্পন্ন পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করা সম্ভব হবে।
চুক্তি স্বাক্ষরের পর আইডিবি গ্রুপের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে আইডিবির সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান তিনি। প্রধানমন্ত্রীও সহজ শর্তে অর্থায়নের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ ও আইডিবির সম্পর্ক আরও গভীর করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে পরিশোধিত জ্বালানি তেল আমদানির ওপর দেশের নির্ভরতা কমানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে জ্বালানি খাতে সক্ষমতা বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।



























