চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
চট্টগ্রামের চন্দনাইশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজালবিরোধী অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ছৈয়দাবাদ বার আউলিয়া বেকারিকে ১০ হাজার টাকা ও চন্দনাইশ সদরের কাশবন হোটেলকে ১৫ হাজার টাকাসহ সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ ও চন্দনাইশ সদর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান।
প্রশাসন সূত্রে জানা যায়, বার আউলিয়া বেকারিতে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করা হচ্ছিল। অভিযানে বেকারিটিতে খাদ্যে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর অ্যামোনিয়া, নিষিদ্ধ কৃত্রিম রং ও ফ্লেভার ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বেকারি কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে কাশবন হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করার দায়ে একই আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ইউএনও মো. আবদুর রহমান বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভেজাল ও ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত খাদ্যের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন