চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

স্কুল, কলেজ ও মাদ্রাসা ফাঁকি দিয়ে চন্দনাইশের বিভিন্ন পর্যটন স্পটে ঘোরাঘুরি করায় শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবদুর রহমান।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন পর্যটন স্পট ও পার্কে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে আটক শিক্ষার্থীদের শিক্ষক ও অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়।

এ সময় স্কুল-মাদ্রাসা-কলেজের পোশাক পরিহিত অবস্থায় ঘোরাঘুরি করা বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে তাদের শিক্ষক ও অভিভাবকদের ডেকে সতর্ক করা হয় এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

ইউএনও মোঃ আবদুর রহমান জানান, শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন সময়ে শিক্ষার্থীরা বিভিন্ন পার্কে আড্ডা দিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং শিক্ষার্থীদের বিপথগামী হওয়া রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগেও কয়েকবার এ ধরনের অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।