গরমের দিনে শরীরকে সুস্থ, সতেজ ও পানিশূন্যতা থেকে রক্ষা করতে পুষ্টিকর ফলের জুসের বিকল্প নেই। বিশেষজ্ঞদের মতে, তাজা ফল দিয়ে ঘরে তৈরি জুস শরীরের জন্য যেমন উপকারী, তেমনি এতে কৃত্রিম রং, অতিরিক্ত চিনি বা সংরক্ষণকারী উপাদানের ঝুঁকিও থাকে না। তাই মৌসুমি ফল দিয়ে সহজেই তৈরি করা যায় সুস্বাদু ও স্বাস্থ্যকর পানীয়।
আপেল, টমেটো ও ডালিমের জুস একসঙ্গে তৈরি করলে শরীর একাধিক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান পায়। আপেল ও ডালিমে রয়েছে প্রচুর আয়রন ও পটাশিয়াম, যা শরীরের শক্তি ধরে রাখতে সাহায্য করে। অন্যদিকে টমেটো ভিটামিন ‘এ’-এর ভালো উৎস, যা ত্বক ও চোখের স্বাস্থ্যের জন্য উপকারী।
এই জুস তৈরি করতে একটি আপেল, একটি টমেটো, এক কাপ ডালিমের কোয়া এবং পরিমাণমতো ঠান্ডা পানি ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এরপর মিশ্রণটি ছেঁকে গ্লাসে ঢালুন। পরিবেশনের আগে বরফ কুচি যোগ করলে স্বাদ আরও বেড়ে যাবে এবং গরমে তা শরীরকে দ্রুত সতেজ করবে।
গাজরের জুসও স্বাস্থ্য সচেতনদের কাছে অত্যন্ত জনপ্রিয়। গাজরে রয়েছে ভিটামিন ই ও বিটা-ক্যারোটিন, যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সহায়তা করে। নিয়মিত পরিমিত পরিমাণে গাজরের জুস পান করলে শরীর প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্টও পায়।
গাজরের জুস তৈরির জন্য প্রয়োজন হবে ৫০০ গ্রাম গাজর, ২৫০ গ্রাম চিনি, আধা লিটার পানি, সামান্য বাদাম গুঁড়ো এবং বরফ কুচি। প্রথমে গাজর ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো করুন। এরপর পানি ও চিনি দিয়ে ব্লেন্ড করে ছেঁকে নিন। শেষে বাদাম গুঁড়ো ও বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।
লেবুর জুস গরমের অন্যতম জনপ্রিয় পানীয়। লেবুতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস। এটি শরীরকে সতেজ রাখার পাশাপাশি হজমশক্তি বাড়াতে এবং ক্লান্তি দূর করতেও সহায়তা করে। গরমে নিয়মিত লেবুর শরবত পান করলে শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
লেবুর জুস তৈরি করতে দুটি লেবুর রস বের করে তাতে পরিমাণমতো পানি, বিট লবণ ও সাদা গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিন। এরপর ১৫ মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করুন। পরিবেশনের সময় বরফ কুচি যোগ করলে পানীয়টি আরও সুস্বাদু ও সতেজ লাগবে।
আনারসের জুসও গরমের জন্য একটি আদর্শ পানীয়। আনারসে থাকা ব্রোমেলিন হজমে সহায়তা করে এবং বদহজমের সমস্যা কমাতে সাহায্য করে। এছাড়া এতে থাকা ক্যালসিয়াম ও বিটা-ক্যারোটিন শরীরের পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুদিনা পাতা যোগ করলে স্বাদ ও সতেজতা দুটোই বাড়ে।
আনারসের জুস তৈরির জন্য দুই কাপ কিউব করা আনারস, পরিমাণমতো চিনি, বিট লবণ, কয়েকটি পুদিনা পাতা এবং পানি একসঙ্গে ব্লেন্ড করুন। এরপর ছেঁকে গ্লাসে ঢেলে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন। পুষ্টিবিদদের পরামর্শ, স্বাস্থ্যকর জীবনযাপনের অংশ হিসেবে বাজারের কোমল পানীয়ের পরিবর্তে ঘরে তৈরি প্রাকৃতিক ফলের জুস বেছে নেওয়াই হতে পারে সবচেয়ে ভালো সিদ্ধান্ত।



























