বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান অনুমতি, নিবন্ধন ও নিবন্ধন নবায়নের পেন্ডিং আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
ডিপিইর এক চিঠিতে বিভাগীয়, জেলা এবং উপজেলা বা থানা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশ দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, আইপিইএমআইএস সফটওয়্যারের এনজিপিএসআর মডিউলের মাধ্যমে অনলাইনে এসব কার্যক্রম সম্পন্ন করার নিয়ম রয়েছে।
তবে বিভিন্ন পর্যায়ে এখনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সংক্রান্ত অনেক আবেদন পেন্ডিং রয়েছে। নির্ধারিত সময়ে আবেদন নিষ্পত্তি না হলে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে।
‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা ২০২৬’-এর ৫.৩ নম্বর শর্ত অনুযায়ী, বৃত্তি পরীক্ষায় অংশ নিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানের অনুমতি অথবা নিবন্ধন থাকা বাধ্যতামূলক।
এ কারণে অনলাইনে আইপিইএমআইএসের মাধ্যমে করা আবেদন এবং অফলাইনে নেওয়া আবেদনসহ সব পেন্ডিং আবেদন দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নিতে কর্মকর্তাদের বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
ফলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষার্থীদের জন্যও এই নির্দেশনা গুরুত্বপূর্ণ। ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন নিষ্পত্তি হলে নিবন্ধনসংক্রান্ত জটিলতা কমার পাশাপাশি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত হওয়ার সম্ভাবনা তৈরি হবে।























