গ্যাস–সংকটের সময়ে দ্রুত রান্না করতে হলে আগে থেকেই খাবারের পরিকল্পনা ও প্রস্তুতি সেরে রাখা সবচেয়ে কার্যকর উপায়। গ্যাস আসার আগেই সবজি কাটা, মাছ-মাংস প্রস্তুত করা এবং মসলা গুছিয়ে রাখলে চুলায় গ্যাস থাকার অল্প সময়ের মধ্যেই একাধিক পদ রান্না করা সম্ভব। বিশেষজ্ঞদের পরামর্শ, দ্রুত রান্নার পাশাপাশি খাবারের পুষ্টিমান ও পরিবারের নিরাপত্তার দিকেও নজর রাখতে হবে।
বর্তমানে গ্যাসের চাপ কম থাকায় অনেক পরিবারকেই রান্না শেষ করতে বাড়তি সময় ব্যয় করতে হচ্ছে। গ্যাস আসার পর কোন খাবার আগে রান্না করবেন, তা নিয়ে সময় নষ্ট না করে আগেই একটি তালিকা তৈরি করে রাখা যেতে পারে। ভাত, রুটি ও শিশু-বয়স্কদের প্রয়োজনীয় খাবারগুলোকে অগ্রাধিকার দিলে সংকটের সময় রান্নার চাপ অনেকটাই কমে যাবে।
দ্রুত তৈরি করা যায় এমন খাবারও এই সময়ে বেছে নেওয়া যেতে পারে। ডিম ভাজি, ডিম পোচ, সবজি ভাজি বা মাছ ভাজার মতো পদ অল্প সময়েই তৈরি করা সম্ভব। মূল রান্নার পাশাপাশি এসব পদ তৈরি করলে একই সময়ে দুই থেকে তিনটি খাবার প্রস্তুত হয়ে যেতে পারে।
গ্যাস আসার আগেই সবজি ধুয়ে, কেটে ও প্রয়োজন অনুযায়ী খোসা ছাড়িয়ে রাখুন। মাছ-মাংস ফ্রিজ থেকে আগে বের করে স্বাভাবিক তাপমাত্রায় আনলে রান্নার সময় কম লাগে। মাংস আগে থেকে ম্যারিনেট করে রাখলে দ্রুত রান্না হওয়ার পাশাপাশি স্বাদ ও নরমভাবও বজায় থাকে।
আদা-রসুন বাটা এবং প্রয়োজনীয় গুঁড়া মসলা আগে থেকেই পানিতে গুলে পেস্ট করে রাখতে পারেন। ভাত রান্নার জন্য চাল ২০ থেকে ৩০ মিনিট আগে ভিজিয়ে রাখলে দ্রুত সিদ্ধ হবে। একই সঙ্গে ভাতের হাঁড়িতে ডিম বা আলু সেদ্ধ করে নিলে একসঙ্গে একাধিক খাবার তৈরির সুযোগ থাকে।
দুটি বার্নারেই গ্যাস থাকলে একটি চুলায় কেটলি বা পাত্রে পানি গরম করে রাখুন। তরকারি, ডাল বা ঝোলে ঠান্ডা পানির পরিবর্তে ফুটন্ত পানি ব্যবহার করলে রান্না দ্রুত ফুটে উঠবে। রান্নার আগে সিঙ্ক, কাউন্টার ও চুলার চারপাশ পরিষ্কার করে রাখলেও কাজের গতি বাড়ে।
গ্যাসের সংকটে একবারে দুই থেকে তিন বেলার প্রধান খাবার রান্না করে রাখাও কার্যকর হতে পারে। পেঁয়াজ, রসুন, আদা ও গুঁড়া মসলা দিয়ে বেশি করে কষানো মসলা তৈরি করে রাখলে পরবর্তী সময়ে দ্রুত তরকারি বা ঝোল রান্না করা যায়। এতে প্রতিবার রান্নার শুরুতে একই কাজ করতে হয় না।
এ সময় এক পাত্রে রান্না করা খাবারও বেছে নিতে পারেন। ভুনা খিচুড়ি, ফ্রায়েড রাইস বা বিরিয়ানির মতো ওয়ান-পট মিলের মাধ্যমে মূল খাবার ও প্রোটিন একসঙ্গে তৈরি করা সম্ভব। এতে রান্নার সময়, গ্যাস ও বাসন—তিনটিই কম ব্যবহার হয়।
ডাল রান্নার ক্ষেত্রেও একই কৌশল কাজে লাগানো যায়। একবারে দুই থেকে তিন বেলার ডাল রান্না করে সঠিকভাবে সংরক্ষণ করলে পরবর্তী সময়ে শুধু ফোড়ন দিয়ে পরিবেশন করা সম্ভব। কম গ্যাসে মাংস রান্না করতে বেশি সময় লাগতে পারে, তাই আগে থেকে কিমা করে রাখলে তুলনামূলক দ্রুত রান্না করা যায়।
গ্যাসের চাপ কম থাকলে প্রেশার কুকার ব্যবহার করে রান্নার সময় কমানো যেতে পারে। পাত্রে ঢাকনা দিয়ে রান্না করলেও তাপ ধরে রাখা যায় এবং খাবার দ্রুত সিদ্ধ হয়। তবে দীর্ঘ সময় ধরে রান্না করলে কিছু খাবারের পুষ্টিমান কমে যেতে পারে, তাই প্রয়োজন অনুযায়ী দ্রুত রান্নার পদ্ধতি বেছে নেওয়া ভালো।
রান্না করা খাবার সংরক্ষণের ক্ষেত্রেও সতর্ক থাকা জরুরি। সাধারণ ফ্রিজে রান্না করা খাবার সাধারণত তিন থেকে চার দিন পর্যন্ত রাখা যায়, তবে খাবার দ্রুত ঠান্ডা করে ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করা উচিত। দীর্ঘ সময়ের জন্য রাখতে হলে উপযুক্ত এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ভালো।
গ্যাস সংকটের সময় দ্রুত রান্না করার তাগিদ থাকলেও নিরাপত্তার সঙ্গে কোনো আপস করা উচিত নয়। আগে থেকে পরিকল্পনা, উপকরণ প্রস্তুত রাখা এবং একসঙ্গে একাধিক খাবার তৈরির কৌশল কাজে লাগালে সময় ও গ্যাস দুটোই সাশ্রয় করা সম্ভব। এতে ব্যস্ততার মধ্যেও নিরাপদ ও পুষ্টিকর খাবার প্রস্তুত করা সহজ হবে।



























