ক্যারিয়ারের এক হাজার গোলের মাইলফলক থেকে আর মাত্র ১৮ গোল দূরে ক্রিস্তিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল ফয়সালির বিপক্ষে আল নাসরের ৩-১ গোলের জয়ে দ্বিতীয় গোলটি করেন পর্তুগিজ তারকা। তবে গোলটি রোনালদোর নামে থাকবে, নাকি প্রতিপক্ষের আত্মঘাতী গোল হিসেবে গণ্য হবে, তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। শুক্রবারের ম্যাচে জয় পেলেও গোলের হিসাব নিয়ে আলোচনায় রয়েছেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।
শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া ম্যাচে আল ফয়সালির মাঠে খেলতে নামে আল নাসর। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সফরকারীরা। চতুর্থ মিনিটেই সাদিও মানের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন আবদুল্লাহ আল হামদান। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান রোনালদো। ৪৯তম মিনিটে জোয়াও ফেলিক্সের ফ্রি কিক থেকে পাওয়া বলে হেড করেন তিনি। বলটি আল ফয়সালির ডিফেন্ডার আন্দ্রেই জিরোত্তোর গায়ে লেগে জালে প্রবেশ করে। রোনালদো গোলের উদ্যাপন করলেও বলের গতিপথে ডিফেন্ডারের স্পর্শের কারণে গোলটির মালিকানা নিয়ে প্রশ্ন ওঠে। সৌদি প্রো লিগের ম্যাচসংক্রান্ত তথ্যে গোলটি রোনালদোর নামে উল্লেখ করা হলেও কিছু পরিসংখ্যানভিত্তিক সূত্রে সেটিকে আত্মঘাতী গোল হিসেবে বিবেচনা করা হয়েছে।
এই গোলের মাধ্যমে রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা ৯৮২-তে পৌঁছেছে বলে ম্যাচ-পরবর্তী বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়। সেই হিসাবে হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে তাঁর প্রয়োজন আর ১৮টি গোল। এর আগে ১২ অক্টোবর এএফসি চ্যাম্পিয়নস লিগে নেফচি ফারগোনার বিপক্ষে গোল করেছিলেন তিনি। এরপর গোলের অপেক্ষায় থাকা রোনালদো আল ফয়সালির বিপক্ষে জালে বল পাঠিয়ে আলোচনায় ফেরেন।
গোল করার কয়েক মিনিট পর আবারও জালের দেখা পেয়েছিলেন রোনালদো। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনায় অফসাইডের কারণে সেই গোল বাতিল করা হয়। ফলে জোড়া গোলের সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত একটি গোল নিয়েই মাঠ ছাড়েন তিনি।
দুই গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার চেষ্টা করে আল ফয়সালি। ৬৬তম মিনিটে থিও বংগোন্দার গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে স্বাগতিক দল। এতে ম্যাচের শেষদিকে কিছুটা চাপের মুখে পড়ে আল নাসর। তবে ৭৯তম মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল গোল করে ব্যবধান ৩-১ করেন। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
এই জয়ে সৌদি প্রো লিগে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে আল নাসর। শিরোপার লড়াইয়ে আল কাদসিয়াহ ও আল হিলালের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাচ্ছে দলটি। অন্যদিকে, রোনালদোর সামনে এখন ক্যারিয়ারের এক হাজার গোলের মাইলফলক। তবে আল ফয়সালির বিপক্ষে তাঁর বিতর্কিত গোলের চূড়ান্ত পরিসংখ্যানগত স্বীকৃতি নিয়েও নজর থাকবে ফুটবলপ্রেমীদের।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন