যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদ্যাপনের রাতে নিউইয়র্ক নগরীর কোনি আইল্যান্ডে বন্দুক হামলায় চার শিশুসহ অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ২১ বছর বয়সী এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
রোববার এবিসি নিউজের প্রতিবেদনে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বরাত দিয়ে বলা হয়, স্থানীয় সময় শনিবার রাত ১০টা ৩৭ মিনিটে ব্রুকলিনের ওয়েস্ট ৩১ স্ট্রিটে গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের তথ্যমতে, আহতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী এবং চার শিশু রয়েছে। গুলিবিদ্ধ শিশুদের বয়স ৬ থেকে ১৪ বছরের মধ্যে। চিকিৎসাধীন সাতজনের অবস্থা বর্তমানে স্থিতিশীল থাকলেও একজন তরুণীর অবস্থা সংকটাপন্ন বলে জানানো হয়েছে।
এনওয়াইপিডি ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হামলার কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য, শনিবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদ্যাপিত হয়। উৎসবমুখর এই রাতে নিউইয়র্কের ব্যস্ত পর্যটন এলাকা কোনি আইল্যান্ডে এমন বন্দুক হামলার ঘটনা দেশটির জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।



























