যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন বাস্তবতা তৈরি করতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে চালু থাকা ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ সুবিধা বাতিল করে নির্দিষ্ট সময়সীমার ভিসা চালুর উদ্যোগ নিয়েছে মার্কিন প্রশাসন। ফলে দেশটিতে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী শিক্ষার্থীদের পরিকল্পনায় নতুন করে পরিবর্তন আনতে হতে পারে।
নতুন প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, অধিকাংশ আন্তর্জাতিক শিক্ষার্থী সর্বোচ্চ চার বছরের জন্য যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি পাবেন। বর্তমানে শিক্ষার্থীরা ভিসার শর্ত মেনে চললে পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত অবস্থান করতে পারেন। তবে নতুন ব্যবস্থায় নির্ধারিত সময়সীমা শেষ হলে অতিরিক্ত সময়ের জন্য আলাদাভাবে অনুমোদন নিতে হবে।
হোয়াইট হাউজ অনুমোদিত এই প্রস্তাব বাস্তবায়িত হলে শিক্ষার্থী, এক্সচেঞ্জ ভিজিটর এবং বিদেশি গণমাধ্যম প্রতিনিধিদের ক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর হবে। বিশেষ করে গবেষণাভিত্তিক মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরতদের অতিরিক্ত সময়ের প্রয়োজন হলে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির কাছে আবেদন করতে হবে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তাৎক্ষণিক কোনো পরিবর্তন আসছে না। তারা যদি পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে নিবন্ধিত থাকেন এবং নির্ধারিত নিয়ম মেনে পড়াশোনা চালিয়ে যান, তাহলে তাদের কোর্স সম্পন্ন করার সুযোগ থাকবে। তবে ভবিষ্যতে নতুন নিয়ম কার্যকর হলে নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার আগে ভিসা নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো শিক্ষার্থীদের প্রোগ্রাম পরিবর্তনের ক্ষেত্রে নতুন সীমাবদ্ধতা। একটি শিক্ষা স্তর সম্পন্ন না করে একই বা নিম্ন স্তরের অন্য কোনো প্রোগ্রামে পরিবর্তনের সুযোগ সীমিত হতে পারে। পাশাপাশি পড়াশোনা বা ট্রেনিং শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ত্যাগের প্রস্তুতির জন্য পূর্বের ৬০ দিনের পরিবর্তে ৩০ দিন সময় দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি শিক্ষার্থীদের জন্য প্রশাসনিক জটিলতা বাড়াতে পারে। তবে মার্কিন প্রশাসনের দাবি, এর মাধ্যমে ভিসা ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করা সম্ভব হবে। ফলে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের নতুন নিয়ম সম্পর্কে আগে থেকেই সচেতন থাকা জরুরি।




























