স্বাস্থ্যকর্মী নিয়োগ কার্যক্রম এগিয়ে নিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার অনুমোদিত পদ, কর্মরত জনবল এবং শূন্যপদের হালনাগাদ তথ্য চেয়েছে সরকার। নির্বাচনী ইশতিহারে ঘোষিত এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-৩ (মনিটরিং ও সমন্বয়) শাখা থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর, সংস্থা ও বিভাগকে জরুরি ভিত্তিতে পদভিত্তিক জনবল ও শূন্যপদের তথ্য পাঠাতে হবে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, আগামী ৯ জুলাই ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনুমোদিত পদের সংখ্যা, বর্তমানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা এবং শূন্যপদের বিস্তারিত তথ্য নির্ধারিত ছকে প্রস্তুত করতে হবে। এসব তথ্য স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-৩ শাখায় হার্ড কপির পাশাপাশি নির্ধারিত ই-মেইল ঠিকানায় সফট কপিও জমা দিতে হবে।
এ নির্দেশনার আওতায় রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, ঔষধ প্রশাসন অধিদপ্তর, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (সিএমএসডি) এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন অন্যান্য দপ্তর ও সংস্থা।
স্বাস্থ্য সেবা বিভাগ জানিয়েছে, প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে মন্ত্রণালয়ের অধীন জনবল কাঠামো ও শূন্যপদের একটি হালনাগাদ চিত্র তৈরি করা হবে। এই তথ্য নির্বাচন-সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ জনবল পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বাস্থ্যখাতে দীর্ঘদিন ধরে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংকটের কথা বিভিন্ন মহল থেকে উঠে এসেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, শূন্যপদের সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর করা সম্ভব হবে। তবে সরকার এখনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। তাই চাকরিপ্রত্যাশীদের সরকারি ঘোষণা ও সংশ্লিষ্ট দপ্তরের বিজ্ঞপ্তির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।






















