চট্টগ্রামের হাটহাজারীতে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পথচারীদের আহত করার অভিযোগে একটি লাল রঙের গাড়ি ধাওয়া করে থামিয়েছেন স্থানীয় লোকজন। পরে বিক্ষুব্ধ জনতা গাড়িটিতে ভাঙচুর চালান। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাটহাজারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়িতে থাকা এক তরুণী ও ভাঙচুরের ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ফটিকছড়ির হারুয়ালছড়ি এলাকা থেকে চট্টমেট্রো-ল ১৮৪৭ নম্বরের লাল গাড়িটি বেপরোয়া গতিতে হাটহাজারীর দিকে আসছিল। পথে নাজিরহাট, সরকারহাট ও মুনিয়া পুকুরপাড়সহ কয়েকটি এলাকায় গাড়িটির ধাক্কায় কয়েকজন পথচারী আহত হন। পরে স্থানীয় লোকজন বিষয়টি জানিয়ে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন।
খবর পেয়ে পুলিশকে বিষয়টি জানানো হলেও এর আগেই আহত ও স্থানীয় কয়েকজন গাড়িটিকে ধাওয়া করে থামানোর চেষ্টা করেন। তবে চালক গাড়ি না থামিয়ে আরও দ্রুত গতিতে এগিয়ে যেতে থাকেন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। একপর্যায়ে হাটহাজারী বাজার এলাকায় লোকজন গাড়িটির গতিরোধ করতে সক্ষম হন। এরপর সেখানে থাকা বিক্ষুব্ধ লোকজন গাড়িটিতে ভাঙচুর চালান।
ভাঙচুরের সময় গাড়িতে থাকা এক তরুণ পালিয়ে যেতে সক্ষম হন বলে পুলিশ জানিয়েছে। তবে গাড়ির ভেতরে থাকা এক তরুণী পালাতে পারেননি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার কাছ থেকে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে তরুণীসহ ভাঙচুরের ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করা হয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, গাড়িটি উদ্ধারের পর থানায় নেওয়া হয়েছে এবং ছয়জনকে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গাড়িতে থাকা তরুণ মাদকাসক্ত ছিলেন। তাঁর কারণেই গাড়িটি বেপরোয়া গতিতে চালানো হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।




























