বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের প্রতি যথেষ্ট সম্মান দেখিয়েও তিনি স্পষ্ট করে বলেছেন, আর্জেন্টিনা অজেয় কোনো দল নয়। তাঁর বিশ্বাস, সঠিক পরিকল্পনা ও সেরাটা খেলতে পারলে সুইজারল্যান্ডের পক্ষে জয় তুলে নেওয়া সম্ভব।
মিসরের বিপক্ষে নাটকীয় জয়ের মাধ্যমে শেষ আটে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। একপর্যায়ে হারতে বসা ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল। সেই জয়ের পর আগামী ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।
অন্যদিকে শেষ ষোলোর লড়াইয়ে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আর্জেন্টিনাকে নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেন ইয়াকিন। তিনি বলেন, বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলাটা তাদের জন্য বিশেষ এক সুযোগ এবং দলটি সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।
সুইস কোচের ভাষায়, “বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়াটা দারুণ ব্যাপার। আমাদের জন্য এটি একটি অনন্য সুযোগ। তবে আর্জেন্টিনা অজেয় নয়। অবশ্যই আমরা তাদের হারানোর সর্বোচ্চ চেষ্টা করব। আমরা লাতিন আমেরিকার দলগুলোর মানসিকতা ভালো করেই জানি।”
বিশ্বকাপের ইতিহাসে সুইজারল্যান্ডের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন। ১৯৫৪ সালে নিজেদের মাটিতে আয়োজিত বিশ্বকাপে শেষবার কোয়ার্টার ফাইনাল খেলেছিল দলটি। দীর্ঘ ৭২ বছর পর আবারও শেষ আটে জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়েছে সুইসরা। এবারের আসরে এখন পর্যন্ত তারা অপরাজিত থেকেছে।
গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে ওঠে সুইজারল্যান্ড। এরপর শেষ ৩২-এ আলজেরিয়াকে এবং শেষ ষোলোতে কলম্বিয়াকে বিদায় করে তারা কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে। ধারাবাহিক এই সাফল্য দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।
দলের অভিজ্ঞ খেলোয়াড় রিকার্দো রদ্রিগেজও আর্জেন্টিনার শক্তিমত্তা সম্পর্কে সতর্ক। চতুর্থ বিশ্বকাপ খেলতে আসা এই ডিফেন্ডার মনে করেন, প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনা অত্যন্ত শক্তিশালী একটি দল। তবে নিজেদের সামর্থ্যের ওপরও আস্থা রাখছেন তিনি।
কলম্বিয়ার বিপক্ষে জয়ের পর রদ্রিগেজ বলেন, “কোয়ার্টার ফাইনালে খেলতে আসা আর্জেন্টিনা অসাধারণ একটি দল। তাদের দলে দুর্দান্ত কিছু খেলোয়াড় আছে, একজন ভালো কোচও আছে। তারা কীভাবে খেলে, তা আমাদের জানা। আর তাদের দলে আছে বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি।”
এখন দেখার বিষয়, কোয়ার্টার ফাইনালের মহারণে সুইজারল্যান্ড কি সত্যিই আর্জেন্টিনাকে চমকে দিতে পারে, নাকি মেসিদের বিশ্বকাপ যাত্রা আরও এক ধাপ এগিয়ে যাবে। ফুটবলপ্রেমীদের চোখ এখন সেই বহুল প্রতীক্ষিত লড়াইয়ের দিকেই।



























