শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি জানিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বৈরী আবহাওয়া, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার তারা সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় ঢাকার সায়েন্স ল্যাব মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, বগুড়া ও বরিশালসহ বিভিন্ন এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সকাল সাড়ে ১১টা থেকে প্রায় এক ঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এতে মিরপুর সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে অগ্রসর হলে ভিসি চত্বর এলাকায় পুলিশ তাদের বাধা দেয়। এরপর শিক্ষার্থীরা নীলক্ষেত-টিএসসি সড়কে অবস্থান নেন। সেখানে পুলিশও সতর্ক অবস্থান নেয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। কারও প্রবেশপত্র ভিজে গেছে, কেউ আবার জলাবদ্ধতার কারণে পথে দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্ন নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তারা। শিক্ষার্থীদের দাবি, প্রশ্নে ভুল ছিল এবং কিছু প্রশ্ন অস্বাভাবিক কঠিন হওয়ায় পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগান দেন। ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাঙলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, বিএএফ শাহীন কলেজসহ রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন।
একই দাবিতে বগুড়ায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ থেকে ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। অন্যদিকে বরিশালে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করলে কয়েক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।
এদিকে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আন্দোলনের একপর্যায়ে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে রাজধানীর যান চলাচল স্বাভাবিক হয়। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবির বিষয়ে কর্তৃপক্ষ কার্যকর সিদ্ধান্ত না নিলে ভবিষ্যতেও কর্মসূচি চালিয়ে যাবেন। ফলে এইচএসসি পরীক্ষা ও শিক্ষা ব্যবস্থাপনা ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি এখন নতুন মাত্রা পেয়েছে।




























