প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায়। ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বের জন্য দক্ষ মানবসম্পদ তৈরি এবং শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে প্রস্তুত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শনিবার (২২ আগস্ট) দুপুরে বসিলার ফিরোজা বাশার আইডিয়াল কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
ববি হাজ্জাজ বলেন, মোহাম্মদপুরকে ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে বসিলায় একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইসহ নতুন প্রযুক্তির বিকাশের ফলে ভবিষ্যতে অনেক প্রচলিত পেশার ধরন বদলে যেতে পারে। একই সঙ্গে তৈরি হবে নতুন নতুন পেশা ও কর্মসংস্থানের সুযোগ।
তাই শিক্ষার্থীদের এখন থেকেই ভবিষ্যতের কর্মক্ষেতরের জন্য নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান তিনি। প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নতুন দক্ষতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য গভর্ন্যান্সবিষয়ক একটি প্রতিযোগিতার ঘোষণাও দেওয়া হয়। ক্লাস এইট থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার এক লাখ টাকার বেশি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্যও পুরস্কারের ব্যবস্থা থাকবে বলে জানানো হয়।

























