বিশেষ প্রতিনিধিঃ রাশেদ আহমদ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে মনু নদীর প্রতিরক্ষা বাঁধ সংস্কার কাজের চরম অনিয়ম ও ধীরগতির কারণে মারাত্মক দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ উঠেছে, বাঁধের কাজ দীর্ঘ দুই মাস ধরে সম্পূর্ণ বন্ধ থাকায় চলাচলের একমাত্র রাস্তায় তৈরি হয়েছে চরম ভোগান্তি।
স্থানীয়দের সূত্রে জানা যায়, বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত না হওয়ায় কাদামাটি ও ভাঙাচোরা পথে হেঁটে চলাচল করাই দুষ্কর হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় সাধারণ মানুষের পাশাপাশি স্কুল-মাদ্রাসাগামী শিক্ষার্থী, বয়োজ্যেষ্ঠ এবং জরুরি রোগীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সাধারণ মানুষ দৈনন্দিন প্রয়োজনে বের হয়ে পদে পদে বিপদে পড়ছেন।

হাজীপুর ইউনিয়নের ভুক্তভোগী বাসিন্দারা এ বিষয়ে কুলাউড়া আসনের সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেছেন। অতি দ্রুত এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে এবং বন্ধ থাকা বাঁধ নির্মাণকাজ পুনরায় চালু করে দ্রুত সম্পন্ন করার জন্য তারা স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।




























