ব্রেন ফগ এমন একটি অবস্থা, যেখানে মনোযোগ ধরে রাখা, কোনো কিছু মনে রাখা কিংবা পরিষ্কারভাবে চিন্তা করা কঠিন হয়ে পড়ে। অনেকেই এটিকে সাধারণ ভুলে যাওয়া মনে করে এড়িয়ে যান। তবে বিশেষজ্ঞদের মতে, এটি কোনো রোগ নয়; বরং মস্তিষ্কের একটি সংকেত, যা জানিয়ে দেয় শরীর ও মন অতিরিক্ত চাপের মধ্যে রয়েছে। সুসংবাদ হলো, জীবনযাপনের কিছু সহজ পরিবর্তনের মাধ্যমে বেশির ভাগ ক্ষেত্রেই ব্রেন ফগ অনেকটাই কমানো সম্ভব।
নিজেকে অকারণে দোষারোপ না করে প্রথমেই বুঝতে হবে, ব্রেন ফগ মানেই আপনার সক্ষমতা কমে গেছে—এমন নয়। অতিরিক্ত কাজের চাপ, পর্যাপ্ত বিশ্রামের অভাব, মানসিক দুশ্চিন্তা, হরমোনের পরিবর্তন বা দীর্ঘমেয়াদি কিছু শারীরিক সমস্যার কারণেও এমন হতে পারে। তাই ভুলে গেলে নিজেকে কঠোরভাবে বিচার না করে বিশ্রাম নিন, কাজ ভাগ করে করুন এবং প্রয়োজনে অন্যের সাহায্য নিন। এতে মানসিক চাপ কমবে এবং মনোযোগও ধীরে ধীরে ফিরে আসবে।
প্রতিদিনের জীবনকে একটি নির্দিষ্ট ছন্দে আনাও ব্রেন ফগ কমানোর কার্যকর উপায়। সকালে কী করবেন, অফিসের ব্যাগ, পোশাক বা প্রয়োজনীয় জিনিস আগের রাতেই গুছিয়ে রাখুন। একই সঙ্গে একটানা কাজ না করে প্রতি কয়েক ঘণ্টা পর পাঁচ থেকে দশ মিনিটের বিরতি নিন। অল্প সময় হাঁটা, জানালার পাশে দাঁড়ানো কিংবা কিছুক্ষণ নীরবে বসে থাকা মস্তিষ্ককে পুনরায় সতেজ হতে সাহায্য করে। এছাড়া গুরুত্বপূর্ণ কাজ, ওষুধ বা অ্যাপয়েন্টমেন্ট মনে রাখতে মোবাইলের ক্যালেন্ডার ও রিমাইন্ডার ব্যবহার করলে মস্তিষ্কের ওপর অপ্রয়োজনীয় চাপ কমে।
বিশেষজ্ঞরা SWANS পদ্ধতি অনুসরণের পরামর্শ দেন, যা ব্রেন ফগ কমাতে কার্যকর বলে মনে করা হয়। এর প্রথম ধাপ হলো পর্যাপ্ত ঘুম—প্রতিদিন অন্তত ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমানো উচিত। এরপর রয়েছে পর্যাপ্ত পানি পান, যা শরীর ও মস্তিষ্ককে সক্রিয় রাখে। নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কে রক্ত ও অক্সিজেনের প্রবাহ বাড়ে, ফলে মনোযোগও উন্নত হয়। পাশাপাশি ডিম, মাছ, বাদাম, শাকসবজি ও কোলিনসমৃদ্ধ খাবার খেলে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যক্ষমতা ভালো থাকে।
ব্রেন ফগ কমাতে মানসিক চাপ নিয়ন্ত্রণও সমান গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের স্ট্রেস শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়, যা চিন্তাভাবনা ধীর করে দিতে পারে। প্রতিদিন কয়েক মিনিট ধ্যান, গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, বই পড়া কিংবা পছন্দের কোনো শখের জন্য সময় রাখুন। এসব অভ্যাস ধীরে ধীরে মস্তিষ্ককে শান্ত করে এবং মনোযোগ ফিরিয়ে আনতে সাহায্য করে।
তবে যদি ব্রেন ফগ দীর্ঘদিন ধরে থাকে, স্মৃতিশক্তি দ্রুত কমতে থাকে বা দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ অনেক সময় থাইরয়েডের সমস্যা, ভিটামিনের ঘাটতি, দীর্ঘমেয়াদি কোভিড বা অটোইমিউন রোগের কারণেও এই সমস্যা দেখা দিতে পারে। তাই মস্তিষ্কের ক্লান্তিকে অবহেলা না করে সময়মতো যত্ন নিন। সামান্য কিছু স্বাস্থ্যকর অভ্যাসই আপনার মনোযোগ, স্মৃতিশক্তি এবং মানসিক স্বচ্ছতা ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখতে পারে।

























