রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজের সময় ছাদ থেকে পড়ে মো. শুরুজ শেখ (৪০) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শুরুজ শেখ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাজুয়ার টেক গ্রামের বাসিন্দা। তিনি মৃত বাদরী শেখের ছেলে। সহকর্মীদের তথ্য অনুযায়ী, তিনি যে ১০ তলা নির্মাণাধীন ভবনে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করতেন, সেখানেই অবস্থান করতেন। প্রতিদিনের দায়িত্বের অংশ হিসেবে ভবনটির বিভিন্ন কাজ তদারকিও করতেন তিনি।
শুরুজ শেখের সহকর্মী সোহেল রানা জানান, ঘটনার সময় নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় পানি দেওয়ার কাজ চলছিল। সেই সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান এবং গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলেও চিকিৎসকেরা তাকে আর বাঁচাতে পারেননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




























