মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতির পর তেহরান ক্ষতিপূরণ দাবি করায় পাল্টা জবাব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরানের কাছ থেকেও ক্ষতিপূরণ আদায়ের দাবি তুলবে ওয়াশিংটন। ভবিষ্যৎ আলোচনায় বিষয়টি গুরুত্ব দিয়ে তোলার নির্দেশও দিয়েছেন তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরান আগে কোনো আলোচনা বা বৈঠকে ক্ষতিপূরণের দাবি জানায়নি। এখন তারা এ ধরনের দাবি করায় যুক্তরাষ্ট্রও পাল্টা ক্ষতিপূরণ চাইবে বলে জানান তিনি। এতে দুই দেশের মধ্যকার বিরোধে নতুন একটি ইস্যু যুক্ত হলো।
ট্রাম্পের দাবি, ইরানের বিভিন্ন হামলা ও সংঘাতে নিহত মার্কিন নাগরিকদের পরিবারও ক্ষতিপূরণের আওতায় আসা উচিত। এর মধ্যে ইউএসএস কোল হামলায় নিহত ব্যক্তিদের স্বজন এবং অন্যান্য সংঘাতে প্রাণ হারানো মানুষের পরিবারকে অন্তর্ভুক্ত করার কথা বলেছেন তিনি।
এ ছাড়া ইরানের বিভিন্ন সময়ে নিহত বিক্ষোভকারীদের পরিবার এবং সাম্প্রতিক সংঘাতে নিহত বিপুলসংখ্যক মানুষের স্বজনদের জন্যও তেহরানের কাছ থেকে অর্থ আদায়ের কথা জানিয়েছেন ট্রাম্প। তার মতে, এসব ক্ষয়ক্ষতির দায়ও ইরানকে বহন করতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ইরানের সঙ্গে ভবিষ্যতে যেকোনো আলোচনা বা সমঝোতার টেবিলে ক্ষতিপূরণের বিষয়টি রাখা হবে। ফলে সম্ভাব্য কূটনৈতিক আলোচনায় সামরিক ও নিরাপত্তা ইস্যুর পাশাপাশি আর্থিক দাবিও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।




























