চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে গ্যাস লিকেজের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
ইয়ার্ড কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, শুক্রবার ইয়ার্ড বন্ধ ছিল। সকালে স্ক্র্যাপ হিসেবে রাখা একটি এলএনজি জাহাজের ট্যাংকে লিকেজ দেখা দেয়। খবর পেয়ে স্থানীয় কয়েকজন বহিরাগত ঘটনাস্থলে গিয়ে গ্যাসের সংস্পর্শে আক্রান্ত হন। পরে তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ জানান, সকাল ৯টার দিকে স্ক্র্যাপ এলএনজি জাহাজের একটি ট্যাংকে লিকেজ হয়। বিষয়টি দেখতে গিয়ে স্থানীয় কয়েকজন গ্যাসে আক্রান্ত হন।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম ঘটনায় পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আল মামুন জানান, শুক্রবার সকাল ৯টার দিকে ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপ ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
এদিকে ঘটনার পর স্থানীয় শতাধিক মানুষ ইয়ার্ডে গিয়ে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ইয়ার্ড কর্তৃপক্ষের দাবি, এ সময় বিভিন্ন মালামালও নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনার বিস্তারিত কারণ ও নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর আরও তথ্য পাওয়া যাবে বলে জানা গেছে।



























