অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা এবং পুলিশের বিভিন্ন কার্যক্রমের সার্বিক মূল্যায়নে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়েছে পঞ্চগড় জেলা পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রংপুর রেঞ্জের আওতাধীন আট জেলার জুলাই মাসের অপরাধ পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংশ্লিষ্ট জেলা পুলিশের গৃহীত বিভিন্ন পদক্ষেপ পর্যালোচনা করা হয়।
রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সার্বিক মূল্যায়নে পঞ্চগড় জেলা পুলিশকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত করা হয়।
শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, জুলাই মাসে পঞ্চগড় জেলার অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম, বিভিন্ন অপরাধের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতার সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
রংপুর রেঞ্জের আট জেলার মধ্যে পঞ্চগড় জেলা পুলিশের এ অর্জনকে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের দায়িত্বশীলতা ও কার্যকর ভূমিকার স্বীকৃতি হিসেবে দেখছেন স্থানীয়রা।
এ বিষয়ে পঞ্চগড়ের পুলিশ সুপার (এসপি) আবু সাইম বলেন, “আমরা পুলিশ বাহিনী জনগণের সেবার জন্য কাজ করি। পঞ্চগড়ে যোগদানের পর থেকে আমার ওপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চভাবে পালনের চেষ্টা করেছি। জেলা পুলিশের সদস্যরা অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা ও পুলিশের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। এ কাজে সবার সহযোগিতা কামনা করছি।



























