মেট্রোরেলে টিকিট না কেটে প্রবেশ করতে স্বয়ংক্রিয় গেটের নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে ঢোকার অভিযোগ উঠেছে কয়েক নারীর বিরুদ্ধে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
জানা গেছে, ঘটনাটি ভারতের দিল্লি মেট্রোর একটি স্টেশনে ঘটেছে। তবে ভিডিওটি ঠিক কোন স্টেশনে এবং কখন ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শাড়ি পরা কয়েকজন নারী একে একে মেট্রো স্টেশনের স্বয়ংক্রিয় প্রবেশগেটের নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকছেন। নিয়ম অনুযায়ী টিকিট কেটে গেট পার হওয়ার পরিবর্তে তারা নিচু হয়ে গেটের তলা দিয়ে প্রবেশ করেন।
ভিডিওতে কয়েকজনকে হাস্যোজ্জ্বল অবস্থায়ও দেখা যায়। তাদের সঙ্গে থাকা একটি শিশুকেও একইভাবে গেটের নিচ দিয়ে স্টেশনে প্রবেশ করতে দেখা গেছে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়ার পর ব্যবহারকারীদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। বিশেষ করে শিশুটির উপস্থিতি নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন।
সমালোচকদের কেউ কেউ বলছেন, বড়দের এমন আচরণ শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ শিশুরা অনেক সময় আশপাশের বড়দের আচরণ অনুকরণ করে। ফলে নিয়ম ভাঙার মতো ঘটনা তাদের কাছে স্বাভাবিক আচরণ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আশঙ্কা থাকে।
মেট্রোরেল কর্তৃপক্ষের নির্ধারিত নিয়ম অনুযায়ী, যাত্রীদের টিকিট বা বৈধ ভ্রমণপত্র ব্যবহার করে স্বয়ংক্রিয় গেটের মাধ্যমে প্রবেশ করতে হয়। ভাড়া পরিশোধ না করে প্রবেশের চেষ্টা গণপরিবহনের নিয়ম লঙ্ঘনের শামিল।
তবে ভিডিওটি কখন ধারণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট নারীরা কারা, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। ঘটনাটি নিয়ে দিল্লি মেট্রো কর্তৃপক্ষের কোনো বক্তব্যও পাওয়া যায়নি।




























