বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১০ আগস্ট) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজিবি সূত্রে জানা যায়, ৯ আগস্ট দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘুমধুম বিওপির সদস্যরা জানতে পারেন, মিয়ানমার থেকে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচারের চেষ্টা করা হবে। এর পরিপ্রেক্ষিতে কক্সবাজার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান আশিকের নেতৃত্বে একটি আভিযানিক দল রাত ১১টার দিকে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান শুরু করে।
অভিযানের একপর্যায়ে ১০ আগস্ট রাত ১২টা ১৫ মিনিটের দিকে সীমান্ত পিলার-৩১-এর কাছাকাছি নয়াপাড়া এলাকায় কয়েকজন সন্দেহভাজন চোরাকারবারীকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় তারা একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং ২ লাখ ৪৬ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ফেলে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে এসব সামগ্রী মালিকবিহীন অবস্থায় উদ্ধার করেন।
বিজিবি জানায়, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।




























