চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
চন্দনাইশের ঐতিহ্যবাহী গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক শাহজাহান আজাদের পিআর এল (শেষ কর্মদিবসে) গমনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল বৃহম্পতিবার বিকেলে বিদ্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করে চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদ। উল্লেখ্য, শিক্ষক পরিষদের সম্পাদক, লেখক ও ছড়াকার শাহজাহান আজাদ চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি।
চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও জোয়ারা বিশ্বম্ভর চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রমোদ রঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মতিন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব মাওলানা মোঃ নুরুল ইসলাম, জোয়ারা বিশ্বম্ভর চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম কুমার চক্রবর্তী, সাহিত্যিক আহমদ ছফা পরিষদের উপদেষ্টা প্রাক্তন সরকারি কর্মকর্তা মো আইয়ুব চৌধুরী, উত্তর হাশিমপুর রহমানিয়া জামে মসজিদ পরিচালনা পর্ষদের সেক্রেটারি ও ব্যাংকার আলহাজ্ব মোঃ নুরুল আলম, সংগঠক ও প্রাক্তন শিক্ষার্থী টিপু সুলতান, শিক্ষানুরাগী নূর হোসেন সওদাগর, সমাজসেবী সিরাজুল ইসলাম চৌধুরী। এছাড়াও শিক্ষক রনজিত কুমার দে, বিজন চক্রবর্তী, মোহাম্মদ আবদুল আজিজ, মৃদুল কান্তি পাল, মোহাম্মদ হোছাইন শাহীন বক্তব্য দেন।

চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ নুরুল আলম অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অন্যদিকে, বিদ্যালয় শিক্ষক পরিষদের উদ্যোগেও পৃথকভাবে ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক শাহজাহান আজাদের বিদায়ী সম্মাননা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মতিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জোয়ারা বিশ্বম্ভর চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু প্রমোদ রঞ্জন বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মাওলানা মোঃ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলার সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রতন কান্তি বড়ুয়া, ফতেনগর শরীফুন্নেছা নজির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল ইসলাম ও উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু রনজিত কুমার দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সাখাওয়াত হোসেন, মিতা বড়ুয়া, বিজন চক্রবর্তী, মোহাম্মদ আবদুল আজিজ, মৃদুল কান্তি পাল, মো. মনজুর উদ্দিন, জান্নাতুল ফেরদৌস, নাসরিন আকতার, মোহাম্মদ হোছাইন শাহীন ,পার্শ্ব নাথ চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শিক্ষক শাহজাহান আজাদ একজন বহুমুখী প্রতিভার অধিকারী আপাদমস্তক গুণী ব্যক্তিত্ব। এলাকার সম্ভ্রান্ত ও খ্যাতনামা শিক্ষক পরিবারের যোগ্য সন্তান হিসেবে তিনিও তাঁর পিতা ভাষাসৈনিক আবুল কালাম আজাদের মতো একজন নিবেদিতপ্রাণ জাতশিক্ষক। বস্তুত, একজন আদর্শ শিক্ষকের সমস্ত গুণাবলীই তাঁর মধ্যে পরিলক্ষিত হয়। ১৯৯৩ সনের ৮ মে তারিখে জোয়ারা বিশ্বম্ভর চৌধুরী উচ্চ বিদ্যালয়ে যোগ দিয়ে ১৯৯৭ সনের ২৮ নভেম্বর পর্যন্ত এবং ১৯৯৭সনের
২৯ নভেম্বর গাছবাড়িয়া স্কুলে যোগ দিয়ে তিনি অদ্যাবধি শিক্ষাদানের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ ও নৈতিকতার বিকাশ ,সচ্চরিত্র গঠন, ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক কর্মকান্ডে অংশগ্রহণে তাদের উৎসাহিত করে তোলার ব্যাপারে নিরন্তর প্রচেষ্টা চালিয়েছেন ।শতবর্ষের ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে তিনি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত আন্তরিক ও সহযোগিতাপূর্ণ ছিল। প্রকৃতপ্রস্তাবে মানুষ গড়ার কারিগরের উপাধিটা তাঁরই ক্ষেত্রে প্রযোজ্য। বক্তারা তাঁর অবসর জীবন সুখী ও শান্তিপূর্ণ হোক এ কামনা করেন। তাঁরা আশা প্রকাশ করে বলেন স্যার বিধি মোতাবেক পিআরএল যাচ্ছেন তবে সুযোগ থাকলে শাহজাহান আজাদ স্যার তাঁর শিক্ষক পিতার মতো যদি আরো কিছুদিন বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত থাকতে পারেন তাহলে বিদ্যালয়ের শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী উপকৃত হবেন।
সংবর্ধনার জবাবে জনাব শাহজাহান আজাদ বলেন,তিনি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবেই নিজেকে গর্বিত মনে করেন। বিদ্যালয়ের অনেক প্রাক্তন প্রবীণ কৃতি শিক্ষার্থীর স্নেহ ভালবাসা পেয়েছেন তিনি। খ্যাতিমান চিকিৎসাবিজ্ঞানী জাতীয় অধ্যাপক ডাঃ নুরুল ইসলাম, সাহিত্যিক আহমদ ছফা, সাবেক মন্ত্রী ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম, মুক্তিযোদ্ধা কূটনীতিক,সচিব ও সফল রাষ্ট্রদূত কে এম শেহাবুদ্দিন, ভাষাসৈনিক প্রিন্সিপাল মোহাম্মদ সোলায়মান,সাবেক সচিব মো নুরুল ইসলাম, ইএনটি স্পেশালিস্ট প্রফেসর ডাঃ নুরুল আমীন, প্রফেসর ডাঃ কে এম ফরিদ উদ্দিন, সাবেক প্রতিমন্ত্রী মরহুম নজরুল ইসলাম চৌধুরী, প্রফেসর সৈয়দ আবু ছাদেক মোহাম্মদ মুছা, সাহিত্যিক লেখক গবেষক ড. মোহাম্মদ আমীন প্রমুখের স্নেহের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
জনাব শাহজাহান আজাদ তাঁর ছাত্রজীবনের শ্রদ্ধেয় শিক্ষকদের এবং শিক্ষকতাজীবনে অত্যন্ত প্রিয় সহযোগী সহকর্মীদের অনেকের নাম উল্লেখ করে বলেন, তাঁদের কাছে তিনি সত্যিই কৃতজ্ঞ। মহান আল্লাহর অপার রহমত, বাবা-মা ও অলিয়ে কামেলদের দোয়ার বরকতে এবং স্বীয় সহধর্মিণীর নিরন্তর সহযোগিতায় তাঁর দায়িত্বপালনে যথাসম্ভব চেষ্টা করে গেছেন। তিনি অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমাসুন্দর দৃষ্টি কামনা করেন।##
ছবির ক্যাপশনঃ চন্দনাইশে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল হাই স্কুলের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক শাহজাহান আজাদ পিআরএল গমন উপলক্ষ্যে চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের উদ্যোগে সম্মাননা স্মারক প্রদান করছেন অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ।


























